Last Updated:
সদ্য মুক্তিপ্রাপ্ত ভুল ভুলাইয়া ৩ ছবির প্রচারে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ উপস্থিত হয়েছিলেন কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, বিদ্যা বালান এবং পরিচালক আনিস বাজমি। কিন্তু এই পর্বের একটি ভিডিও ক্লিপ আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যার জেরে ট্রোলের মুখে পড়েছেন সুনীল গ্রোভার। যিনি ওই শোয়ে ডাফলির চরিত্রে অভিনয় করেন।
আসলে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল। যা নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল দেশ জুড়ে। সেই সাহসী দৃশ্যের বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করে বসেন সুনীল।
ভিডিও ক্লিপটির শুরুতেই তৃপ্তি দিমরিকে সটান প্রশ্ন করে বসেন ডাফলি-রূপী সুনীল। বলেন, “আপনি তো তিনি, যিনি ‘অ্যানিম্যাল’ ছবিতে ছিলেন?” অভিনেত্রী বলেন যে, “হ্যাঁ আমি ছিলাম। আমি দেখেছি, আমার বিষয়ে আপনি কী কী বলেছেন।” এরপর ডাফলি প্রশ্ন করে চলেন, “আপনি রণবীরের সঙ্গে যেটা করেছিলেন, আমি আশা করি, সেটা শুধু শ্যুটিং ছিল। আসলে তো কিছু ছিল না?” সুনীলের কথা শুনে রীতিমতো হেসে উড়িয়ে দেন তৃপ্তি। সঙ্গে বলেন, “ওটা আসল ছিল না।”
তবে শোয়ে সুনীল গ্রোভারের এহেন আচরণ একেবারেই ভাল ভাবে গ্রহণ করেননি একাধিক দর্শক। তাঁরা সংশ্লিষ্ট শোয়ের টিমের বিরুদ্ধে তৃপ্তিকে অস্বস্তিকর প্রশ্ন করার অভিযোগ তুলেছেন। আবার কেউ কেউ সুনীল গ্রোভারকে আড়াল করার চেষ্টাও করেছেন। তাঁদের ব্যাখ্যা, সুনীল গ্রোভার ডাফলি চরিত্রটি ওই শোয়ে রণবীরের স্ত্রী হিসেবে অভিনয় করেন। কারণ এর আগে রণবীরের সঙ্গে ভুয়ো বিয়ে এবং ফুলশয্যার দৃশ্যে অভিনয় করেছিলেন সুনীল গ্রোভার অভিনীত চরিত্রটি।
কিছু নেটিজেন আবার রেডিটে তৃপ্তি দিমরির পাশে দাঁড়িয়ে সওয়ালও করেছেন। তাঁদের বক্তব্য, যেহেতু তৃপ্তি দিমরিকে ইন্ডাস্ট্রির আউটসাইডার হিসেবে গণ্য করা হয়, সেই কারণে রণবীরের সঙ্গে তাঁর সাহসী দৃশ্যের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। আসলে তৃপ্তি যদি স্টার-কিড হতেন, তাহলে তাঁর জন্য এমন প্রশ্ন তালিকায় থাকত না।
একজন মন্তব্য করেছেন, “এই কারণেই ওরা তৃপ্তিকে ব্যবহার করে। এর মূল কারণ হল, অভিনেত্রী ইন্ডাস্ট্রির বহিরাগত। তাঁর পিছনে কোনও ক্ষমতাশালীর হাত নেই।” অন্য একটি কমেন্টে লেখা হয়েছে যে, “কোনও স্টার-কিড বা নেপো-কিডের সঙ্গে এই বিষয়ে আলোচনা হচ্ছে, এমনটা দেখতে চাই আমি।” তৃতীয় এক নেটাগরিক বলেন, “এটা ভীষণই জঘন্য! আর তৃপ্তি এটা দারুণ ভাবে সামলালেন।” এমনকী কপিল আর বিদ্যার চোখেমুখে ওঁর প্রতিক্রিয়া নিয়ে বেশ উদ্বেগ ফুটে উঠেছিল। আশা করি এই ধরনের ভুলভাল ঠাট্টা এরা বন্ধ করবে।
Kolkata,West Bengal
November 05, 2024, 6:49 PM IST