সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে দল-মত নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ না জানানোয় আয়োজকদের ওপর ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, অ্যালামনাই যদি করতে চান তাহলে এটাকে ননপলিটিক্যাল চরিত্র দিতে হবে। এসব প্রোগ্রামকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত অনুষ্ঠান; এটা আমাদের চরিত্র হওয়া উচিত নয়। অ্যালামনাইতে মন্ত্রীকে প্রধান অতিথি করতে হবে কেন? এর সঙ্গে আমি একদম একমত নই।
তিনি বলেন, এখানে মহসিন হলের প্রাক্তন আবাসিক ছাত্র হিসাবে আসবো। সবাই এখানে আমরা প্রাক্তন। আমরা আড্ডা দেব, একসঙ্গে খাব, স্মৃতিচারণ করবো। হাসিখুশীতে সময়টা কাটিয়ে দেব। এটা কোন পলিটিক্যাল আসন না। যার করছেন প্রথমবারের মতো, পরবর্তীকালে ননপলিটিক্যাল ক্যারেক্টার যেন দেখতে পাই।
ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের আরও বলেন, এখানে এতোক্ষণ ধরে যা দেখলাম সবকিছু আমার ভাল লাগেনি। অ্যালামনাই করেছেন এটা ভাল লাগছে। কিন্তু সবকিছু মিলিয়ে পরিবেশটা মোটেও সহায়ক পরিবেশ নয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে তাকে বাসায় থাকতে দিয়েছেন। তার অর্থ এই নয় তার সাজা বাতিল হয়ে গেছে।
খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করতে পারা না-পারার বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া রাজনীতি বা নির্বাচন করতে পারবেন কি-না সে বিষয়টি আদালতের ব্যাপার।
সারাবাংলা/এনআর/এনইউ