শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

আনোয়ারায় মসজিদ কমিটি নিয়ে মারধর, আহত ১৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩৯ সময় দেখুন
আনোয়ারায় মসজিদ কমিটি নিয়ে মারধর, আহত ১৯

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে মারধরের ঘটনায় ১৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত সোমবার রাতে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের আনোয়ারুল ইসলাম জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এতে নারীসহ আহত হয়েছেন একই এলাকার প্রায় ১৯ জন। আহতদের মধ্যে নুরুল আলম, আহম্মদ ছাফা, আলী আকবর, আবু ছাদেক, সৈয়দ আব্বুলহ্ হাফেজ কবির আহাম্মদ , তৌহিদুল, রাবিয়া খাতুন, নুরুল হক, আব্দুল সামাদ, আব্দুল নুর, জাফর আহমদ, নাছির আহমদ, সিরাজের নাম জানা গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি। ঘটনার পর আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান।

স্থানীয়দের সহযোগিতার আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্র জানায়, গত দুইমাস আগে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কয়েকজন ব্যক্তির জন্য তা আর হয়ে উঠেনি। ঈদে সভাপতি নুরুল আলম তার শশুর বাড়িতে বেড়াতে গেলে সেখানে লোকজন নিয়ে সৈয়দ নুর তাকে মারধর করেন এবং আটকে রাখেন। ঘটনার পর স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এরপর গত সোমবার সন্ধ্যায় মসজিদ কমিটি বর্তমান সভাপতি নুরুল আলমের বাড়িতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় স্থানীয় সৈয়দ নূরসহ তার লোকজন। এতে এক নারীসহ ১৯ জন আহত হয়।

স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ বলেন, ঈদে নুরুল আলম বেড়াতে গেলে সেখানে আটকে মারধর করে সৈয়দ নুর। ঘটনাটি জানার পর স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পাঠিয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর আবারও সৈয়দনুর তাকে লোকজন নিয়ে মারধর ও হামলা করে। এঘটনায় আগামী ২৭ এপ্রিল একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবছার মুহাম্মদ সিকদার বলেন, বেশ কিছুদিন ধরে আনোয়ারুল ইসলাম জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে বর্তমান সভাপতি নুরুল আলম পরিবার ও স্থানীয় সৈয়দ নূর পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। এসময় সভাপতি নুরুল আলমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, এঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর