আন্তর্জাতিক ডেস্ক
ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সকল সেনা মরতে প্রস্তুত। ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন এক অডিওবার্তায় একথা বলেছেন। রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে গ্রুপটি সশস্ত্র বিদ্রোহের ডাক দিয়েছে।
ওয়াগনার প্রধান টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত অডিওবার্তায় বলেন, আমাদের ২৫ হাজার সেনার প্রত্যেকে মরতে প্রস্তুত। তারপর আরও ২৫ হাজার মরবে। রুশ নাগরিকদের জন্য আমরা এই কাজ করছি।
ইভজেনি প্রিগোজিন বলেন, আমরা মাতৃভূমির দেশপ্রেমিক। আমরা যুদ্ধ করছিলাম এবং এখনও যুদ্ধ করছি। এবং প্রেসিডেন্ট, এফএসবি (রাশিয়ার সিকিউরিটি সার্ভিস) বা অন্য কেউ – আমাদের অপরাধ স্বীকার করাতে পারবে না।
তিনি বলেন, কারণ আমরা চাই না আমাদের দেশ আর দুর্নীতি, মিথ্যা ও আমলাতন্ত্রের মধ্যে থাকুক।
এর আগে, শুক্রবার রাতে মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দেন ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন। তার বাহিনীর উপর রাশিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন অভিযোগ অস্বীকার করেছে।
সশস্ত্র বিদ্রোহের অভিযোগে ওয়াগনার চিফের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। এ খবরে আরও চটে যান ইভজেনি প্রিগোজিন। তিনি যে কোনো উপায়ে মস্কোতে গিয়ে সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বর্তমানে ইউক্রেনের রণক্ষেত্র ছেড়ে রাশিয়ায় পৌঁছেছে ওয়াগনার সেনারা। তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী শহর রোস্তভ-অন-ডনের কব্জা করেছে। ওই শহরের সামরিক সদর দফতরে ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনকে দেখা গেছে। সেখান থেকে মস্কোর উদ্দেশে একটি দল পাঠাবেন বলে জানিয়েছেন ওয়াগনার প্রধান।
এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ওয়াগনার গ্রুপের নাম উল্লেখ না করে বলেন, ‘কিছু রুশ সেনা অপরাধমূলক দুঃসাহসিক কাজে প্রতারিত হয়েছে।’ ‘রাশিয়ার ভবিষ্যত ঝুঁকির মধ্যে রয়েছে।’ বিদ্রোহীদের ক্রিয়াকলাপকে ‘পিঠে ছুরিকাঘাত’ হিসাবে বর্ণনা করেছেন তিনি।
ওয়াগনার গ্রুপের বস ইয়েভজেনি প্রিগোজিনের নাম উল্লেখ না করে পুতিন বলেছেন, ‘কারো উচ্চাকাঙ্ক্ষা তাকে রাষ্ট্রদ্রোহিতার দিকে পরিচালিত করেছে।’
রুশ প্রেসিডেন্ট সমাজ বিভক্তকারীদের জন্য অনিবার্য শাস্তি অপেক্ষা করছে বলেও সতর্ক করেছেন। তিনি বলেছেন, রাজধানী মস্কো এবং অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে এখন একটি সন্ত্রাসবিরোধী ব্যবস্থা চালু রয়েছে।
আরও পড়ুন
সারাবাংলা/আইই