Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা: গভীর সমুদ্রে প্রাকৃতিক বিপর্যয়ে বাড়বে নিরাপত্তা। সঠিক বার্তা দিতে ট্রলারে বসছে ট্রান্সপন্ডার। সরকারি উদ্যোগে বর্তমানে বিনামূল্যে এই যন্ত্রটি দেওয়া হচ্ছে। যার সাহায্যে ট্রলারের লোকেশান জানা-সহ একাধিক কাজ করা যাবে।
এই যন্ত্রের সাহায্যে দুর্যোগের সময় পাঠানো যাবে লিখিত বার্তা। এই যন্ত্রে ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে একটি অফিস প্রস্তুত করা হবে যেখানে সমস্ত বার্তা ও তথ্য আসবে। সেই অফিস থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের। অফিসে বসে আধিকারিকরাও মৎস্যজীবীদের বার্তা পাঠাতে পারবেন।
কোনও ট্রলার যদি ভারত-বাংলাদেশ জল সীমানা পার করার চেষ্টা করে, তাও এবার ধরা পড়ে যাবে এই প্রযুক্তির সৌজন্যে। এটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কাজ করবে। জল সীমানায় দ্রাঘিমাংশ ও অক্ষাংশ ধরে ‘জিও ফেন্সিং’ করে রাখা থাকবে। তার সঙ্গে সেন্সরের মাধ্যমে যুক্ত থাকবে ট্রলারে বসানো যন্ত্রটি। যে মুহূর্তে ট্রলার জলসীমা পার করতে যাবে, কেন্দ্রীয় অফিসে তখনই আল্যার্ম বেজে উঠবে। এই যন্ত্র বসানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মৎস্যজীবীদের মধ্যে। আগের সমস্ত যন্ত্র থেকে এটি একেবারেই উন্নত প্রযুক্তির হবে। এর মধ্যে দিয়ে একসঙ্গে অনেক কাজ করা যাবে।
Kolkata,West Bengal