স্টাফ করেসপেন্ডেন্ট
ইসরাইল এবং ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য বৈশ্বিক আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মতে, এখনও যুদ্ধবিরতির সময় আসেনি।
সোমবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি তার দেশের এমন অবস্থানের কথা জানান। যুদ্ধবিরতির পরিবর্তে গাজার অভ্যন্তরে সাহায্য পাঠানোর অনুমতি দেওয়ার পরামর্শ দিয়েছেন কিরবি।
বর্তমানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২২ লাখ মানুষ খাদ্য, পানি, জ্বালানি এবং ওষুধের অভাবে চরম সংকটে পড়েছে। এর মধ্যে রয়েছে ইসরাইলি লাগাতার অভিযান। গাজায় সৃষ্ট মানবিক সংকট ও প্রাণহানি বন্ধ করতে ইসরাইলের প্রতি যুদ্ধবিরতির আহ্বান করে আসছে বিশ্ব সম্প্রদায়। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে এ সংক্রান্ত একটি রেজ্যুলেশনও পাস হয়েছে। তবে ইসরাইল তা প্রত্যাখ্যান করেছে।
ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনের হামাস ভেঙে না যাওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির আহ্বান হলো ইসরাইলকে হামাসের কাছে আত্মসমর্পণ করার, সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণের আহ্বান। এটা হবে না।
সারাবাংলা/আইই