বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

চাঁদা না দেওয়ায় জমিতে চাষাবাদে বাধা, দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৮ সময় দেখুন
চাঁদা না দেওয়ায় জমিতে চাষাবাদে বাধা, দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলায় চাঁদা না দেওয়ায় জমিতে চাষাবাদে বাধা, জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের আমডাংগা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন ওই এলাকার ও পূর্ব নয়ানগর এলাকার মৃত আলম মিয়ার ছেলে মিলন (৫০), সাদ্দাম (৪৫), হাসেম আলীর ছেলে জুয়েল (৫২), আবুল কাশেমের ছেলে মাসুদ (৩৫), সোহেল (৩২) ও আরও কয়েকজন।

ভুক্তভোগী শ্যামপুর ইউনিয়নের আমডাংগা গ্রামের মৃত নুরুল ইসলাম সরকারের ছেলে মো. আসাদুজ্জামান সরকার (৬২) জানান, প্রায় ৫০-৫৫ বছর আগে তার বাবা ২ একর ৪৭ শতাংশ জমি ক্রয় করেছিলেন। জমিটির মৌজা গোয়ালনীর চর, দাগ নং ১৩২৪, খতিয়ান নং ১৭৭৮। জমির খারিজসহ সব কাগজপত্র তাদের নামে থাকলেও ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একদল প্রভাবশালী লোক ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, “এর আগেও তারা একইভাবে আমাদের হয়রানি করেছে। এ বিষয়ে মামলা করেছি, যা তদন্তাধীন রয়েছে। এর মধ্যেই গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জমিতে চাষাবাদ করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাধা দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয় কৃষক জয়নাল বলেন, “আমি ওই জমি বাগি নিয়েছি। আজ সকালে চাষ শুরু করতে গেলে আমাকে বাধা দেওয়া হয়।”

অভিযুক্তদের বক্তব্য নিতে সাইফুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “জোরপূর্বক কারো জমি দখলের সুযোগ নেই। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom