স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, চারদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের ধ্বনি বাজছে। উনি এখন ক্ষমতায় থাকার জন্য যেনতেন চেষ্টা করবেন।
শুক্রবার (১২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের সদ্য সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে এ কথা বলেন তিনি। ঢাকা-১২ আসন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ মানববন্ধের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, আপনারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। জিয়াউর রহমানের বিরুদ্ধে গতকাল একটা মামলা করা হয়েছে। মামলাটি প্রধানমন্তীর নির্দেশে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, শেখ হাসিনা সরকার এখন ডুবুডুবু অবস্থা। এই ডুবন্ত অবস্থা থেকে জণগণকে বিভ্রান্তি করতে এই মামলা দিয়েছেন।
তিনি বলেন, মামলাটি যিনি দিয়েছেন তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদার মেয়ে। কর্নেল হুদার স্ত্রী একটা বই লিখেছেন, সেই বইটাও পড়ে দেখেননি মেয়েটি। খালেদ মোশাররফ ও কর্নেল হুদাকে সুরক্ষিত করার জন্য কর্নেল লজেসকে জিয়াউর রহমান নির্দেশ দিয়েছিলেন। অথচ নিজের মায়ের কথা অগ্রাহ্য করে শেখ হাসিনার কথায় মামলা দায়ের করলেন। জণগণ এটাকে কিভাবে নিচ্ছে। শেখ হাসিনা অবৈধ, তার ক্ষমতা অবৈধ, জোর করে ক্ষমতায় আছে। তিনি তার লোকদের অবৈধ সুবিধা দিচ্ছেন।
বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, বিনাদোষে কারাগারে আটক রাখা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। তাদের সঙ্গে কারাগারেও অন্যায় করা হচ্ছে।
কালো টাকা দিলে নিয়েন, আর স্বাধীনভাবে ভোট দেবেন এই অনৈতিক কথার জন্যই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ করা উচিত মন্তব্য করে রিজভী বলেন, কালো টাকা দিলে নিয়েন, কিন্তু স্বাধীনভাবে ভোট দিয়েন। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান এই কথা বলতে পারেন! আপনি (প্রধান নির্বাচন কমিশনার) শেখ হাসিনার আদর্শে, আওয়ামী চেতনা, লুটপাট ও দুর্নীতির চেতনায় অনুপ্রাণিত। তাই কালো টাকা আপনি নিতে বলছেন। এই অনৈতিক কথার জন্য তার পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বচ্ছ নির্বাচন হবে, বিদেশে যে যা-ই বলুক। বিদেশের সঙ্গে আপনাদের শত্রুতা কেন? বারবার বিভিন্ন দেশ বলছে, স্বচ্ছ নির্বাচন দিতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। তাহলে পররাষ্ট্রমন্ত্রী আপনার কথার মধ্যে ইঙ্গিত বহন করে যে আপনাদের উদ্দেশ্য অশুভ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দিনের আলোতে প্রকাশ্যে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ায় বিশ্বাস করেন না। এটা আওয়ামী লীগের ঐতিহ্য। আর ঐতিহ্যের মধ্যেই তো বাকশাল। বাকশাল মানেই তো সব দল বন্ধ। ওই ইতিহাস-ঐতিহ্য নিয়েই তো আপনারা (আওয়ামী লীগ) গত ১৪ বছর জনগণকে কারাগারের মধ্যে ঢুকিয়েছেন। গোটা দেশকে কারাবন্দি করে গায়ের জোরে ক্ষমতায় আছেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, যুবদলের মহানগর উত্তরের আহবায়ক ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন,কেন্দ্রীয় যুবদলের যোগাযোগ সম্পাদক গিয়াজ উদ্দিন মামুন, যুবদলের নেতা আব্দুল খালেদ হাওলাদার, হুমায়ুন কবির আহমেদ, শাখায়ত হোসেন, মনিরুল জামান মনির, একরামুল হক সুমন, কামাল হোসেনসহ আরও অনেকেই।
সারাবাংলা/এআই/ এনইউ