
মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি::
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তানজিমা নামের ছয় বছর বয়সী শিশু ১৯৯৯ সালের ৮ মার্চ নানি জাহানারা খাতুনের সাথে নিজ এলাকা থেকে ঢাকার মহাখালীর কড়াইল নানার বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়ার ২২ বছর পর বর্তমানে ৩ সন্তানের জননী হয়ে বাবা-মায়ের ঠিকানা খুঁজে পেয়ে ফিরে পেল পরিবার।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা থেকে তানজিমা তার হারিয়ে যাওয়া বাবার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরফফাচাইল গ্রামে রস্বামী ও সন্তান নিয়ে ফিরছেন। এর আগে মঙ্গলবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় তানজিমার স্বামীর ভাড়ায় বসবাস বাসায় গিয়ে তার বাবা-মা ভাই মিলিত হয়।
ওই পরিবার সূত্রে জানা যায়, মাত্র ৬ বছর বয়সে ১৯৯৯ সালের ৮ মার্চ নানি জাহানারা খাতুনের সঙ্গে ঈশ্বরগঞ্জ থেকে ঢাকার মহাখালীর কড়াইল নানার বাড়িতে বেড়াতে গিয়ে হারিয়ে যায় তানজিমা। পরে শান্তিবাগ এলাকার গোকরান মিয়া নামের এক ব্যাংক কর্মকর্তা তানজিমাকে লালন-পালন করে বিয়ে দেন। তানজিমা বর্তমানে ৩ সন্তান ও স্বামীকে নিয়ে বনশ্রী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া আপন ঠিকানার মাধ্যমে তানজিমার বাসায় বাবা-মা ও ভাই গিয়ে উঠেন। তখন দীর্ঘ ২২ বছর পর তাদের দেখে আবেগাপ্লুত হলে সবাই কান্নায় ভেঙে পড়েন। পরে দুই দিন বাসায় বেড়ানোর পর একসঙ্গে মিলিত হয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গ্রামের বাড়িতে যেতে ঢাকা থেকে রওনা দেন তারা। তানজিমার বাবার নামনূরুল হুদা ও মা জোসনা বেগম।
ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরফফাচাইল গ্রামের বাসিন্দা তানজিমার বাবা নূরুল হুদা বলেন, মেয়ে হারিয়ে যাওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে আমি ঢাকা ছুটে গিয়েছিলাম। মহাখালীসহ বিভিন্ন এলাকায় মাইকিং করেছি। রাজধানী ঢাকায়একটানা দুই মাস থেকেছি শুধু মেয়েকে খোঁজার জন্য। যেখানে শুনেছি একটি মেয়ে পাওয়া গেছে সেখানেই ছুটে গেছি। আর সবসময় চেয়েছি আমার মেয়েটা যেন ভালো মানুষের কাছে বড় হয়। অবশেষে আজ আমাদের হারানো ধনকে ফিরে পেয়েছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই।
তানজিমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার জীবনের স্বপ্ন ছিল জন্মদাতা বাবা ও গর্ভধারিণী মাকে দেখার। তবে শৈশবে আমাকে যারা লালন-পালন করেছেন সেই ব্যাংক কর্মকর্তা আজ বেঁচে নেই। তারা আমাকে সন্তানের মতো লালন পালন করেছেন, তাদের
প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আপন ঠিকানার আর জে কিবরিয়াকে জানাই অশেষ ধন্যবাদ।