স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: গণফোরাম সভাপতি মহসিন মন্টু বলেছেন, আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি ও সকল শ্রেণি পেশার মানুষদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার প্রস্তুতি নিচ্ছি।
শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে দলটির বর্ধিত সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় দলের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাচনকেন্দ্রিক নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিদ, মহাসিন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘জয়বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে জাতিকে দ্বিধাবিভক্ত করা হয়েছে। একটি বড় দুঃখজনক।
তিনি বলেন, এই সরকার একেক করে সবকিছু ধ্বংস করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। জনগণের ভোটাধিকার নেই। নেই মৌলিক অধিকার।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহসীন মন্টু বলেন, আন্দোলন-সংগ্রাম সবকিছু জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণ থেকে দাবি উঠেছে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। জাতীয় সরকার কিংবা কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন করতে হবে। আমরা জনগণের দাবি আদায়ের জন্য রাজপথে রয়েছি। জনগণ যদি চায় সরকার পতন করতে হবে, আমরা সরকার পতন আন্দোলনে শামিল হবো।
তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য শিগগিরই একটি জনগণের ঐক্য গড়ে উঠবে, মঞ্চ হবে, সেখান থেকে আমরা দাবি আদায়ের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ব।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন কমিশন একাকি নির্বাচন করতে পারে না। এজন্য অপরিহার্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দল, মন্ত্রণালয়, বিভাগ সংস্থা এবং বিধিবদ্ধ প্রতিপক্ষ। নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক না কেন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট এই সমস্ত স্টেকহোল্ডার নির্বাচন কমিশনের নির্দেশ মানেননি। তারা শুনেছে বর্তমান কর্তৃত্ববাদী সরকারের কথা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধান লংঘন করে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন কমিশন তা বাতিল করেনি। বরং নির্লজ্জভাবে বলেছেন, নির্বাচন সন্তোষজনক হয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/এএম