জাতিসংঘের শীর্ষ আদালতের এক ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জন্য এখন থেকে এক দেশ অন্য দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে। অর্থাৎ, কোনো দেশ যদি জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে পড়ে, তবে তারা দায়ী দেশটির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আইনি পদক্ষেপ নিতে পারবে।
তবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) স্বীকার করেছে যে, জলবায়ু পরিবর্তনের কোন নির্দিষ্ট অংশ, কোন দেশ বা কর্মকাণ্ডের কারণে ঘটেছে — তা নির্ধারণ করা সহজ নয়।
যদিও এই রায় আইনত বাধ্যতামূলক নয়, তবুও আইন বিশেষজ্ঞদের মতে এর প্রভাব হতে পারে অনেক গভীর। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে বিবেচিত হচ্ছে — বিশেষ করে তাদের জন্য যারা বিশ্বব্যাপী ধীরগতির জলবায়ু পদক্ষেপে হতাশ হয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছিল।
এই আইনি লড়াই শুরু হয়েছিল ২০১৯ সালে, যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিম্নভূমির ক্ষতিগ্রস্ত দ্বীপপুঞ্জগুলোর একদল আইনের শিক্ষার্থী এই উদ্যোগ নেন। তাদের মধ্যে একজন টোঙ্গার সিওসিউয়া ভেইকুন। তিনি নেদারল্যান্ডসের হেগে উপস্থিত ছিলেন আদালতের রায় শুনতে।
তিনি বলেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা খুবই রোমাঞ্চকর। আমাদের মনে আবেগের ঢেউ বইছে। এটা এমন এক বিজয় যা আমরা গর্বের সাথে আমাদের জনগণের কাছে নিয়ে ফিরতে পারবো।”
বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি ভানুয়াতু। দেশটির শিক্ষার্থী ফ্লোরা ভানো বলেন, “আজ রাতে আমি নিশ্চিন্তে ঘুমাবো। আন্তর্জাতিক বিচার আদালত আমাদের সহ্য করা কষ্টকে স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের সংগ্রামের ফল, এবং ভবিষ্যতের অধিকার।”
তিনি আরও বলেন, “এটা শুধু আমাদের জন্য নয়, বরং সেসব দেশের জন্যও বিজয় যারা ক্ষতির মুখে রয়েছে, যারা তাদের কণ্ঠস্বর শোনানোর জন্য লড়াই করছে।”
বিশ্বের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর বৈশ্বিক এখতিয়ার রয়েছে। আইনজীবীরা জানান, আদালতের এই মতামত আগামী সপ্তাহ থেকেই বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় আদালতে ব্যবহৃত হতে পারে।