আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের ৭৬তম অধিবেশনে পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত, পাকিস্তান। বৈশ্বিক প্রশাসনিক নেতৃত্বের এই সর্বোচ্চ আসরে দুই দেশের মধ্যে বাগযুদ্ধ সংবাদমাধ্যমের নজরে এসেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে ইসলামবিরোধী সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বলে বর্ণনা করেছেন।
জবাবে ভারতের এক তরুণ কূটনীতিক বলেছেন, পাকিস্তান তাদের আঙ্গিনায় সন্ত্রাসীদের লালন-পালন করে প্রতিবেশীদের সুযোগ বুঝে বিপদে ফেলার জন্য।
জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চুয়ালি যোগ দিয়ে ইমরান খান অভিযোগ করে বলেন, মোদি ভারত থেকে সব মুসলিমকে তাড়িয়ে দিতে চান। তিনি মোদির সরকারকে ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করে তাদের পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। এর বাইরেও, তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক ইসলামোফোবিয়াসহ নানান ইস্যু উঠে আসে।
তিনি বলেন, আরএসএস-বিজেপির নেতৃত্বে বিদ্বেষপূর্ণ হিন্দুত্ববাদীরা ভারতের ২০ কোটি মুসলিমের ওপর ভয় আর সহিংসতার রাজত্ব কায়েম করেছে।
জবাবে ভারতের জাতিসংঘে মুখ্য সচিব স্নেহা দুবে বলেছেন, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে মার্কিন অভিযানে ধরা পড়েছিলেন। তারাই মৌলবাদী সন্ত্রাসীগোষ্ঠীকে লালন-পালন করে।
পাকিস্তান আগুন নেভানোর উসিলায় আগুন লাগিয়ে ছাড়ে বলে মন্তব্য করে স্নেহা দুবে বলেন, পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। আগেও তারা বাংলাদেশে নির্যাতন চালিয়েছে উল্লেখ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তোলেন ভারতের এই তরুণ কূটনীতিক।
সারাবাংলা/একেএম