আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ হচ্ছে। দ্বীপের বাসিন্দারা কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দ্বীপ ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে পালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, মাউন্ট সেমেরু থেকে আগ্নেয়গিরির ছাইয়ের ঘন বৃষ্টি দুটি স্থানীয় জেলার আকাশ ছেয়ে ফেলেছে। এতে সূর্যালোকও দেখা যাচ্ছে না। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে, আতঙ্কে বাসিন্দারা বাড়ি ছেড়ে দৌড়ে পালাচ্ছেন। তাদের শরীরে ছাইও দেখা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরির লাভা দ্বীপে ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ চলছে। এতে এখনও কেউ আহত বা নিহত হননি।
স্থানীয় কর্তৃপক্ষ জাভা দ্বীপের উপর দিয়ে বিমান চলাচলেও সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, অগ্নেয়গিরির ছাই ১৫ হাজার মিটার (৫০ হাজার ফুট) পর্যন্ত উচ্চতায় উড়ছে। এতে বিমান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় লাভা উদগিরণ শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ লাভা মুখের আশেপাশে ৫ কিলোমিটার এলাকাজুড়ে রেস্ট্রিকশন জোন ঘোষণা করেছে।
সারাবাংলা/আইই