বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

তীব্র তাপদাহে কম্বল বিতরণ তৃণমূল নেতার!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
তীব্র তাপদাহে কম্বল বিতরণ তৃণমূল নেতার!


আন্তর্জাতিক ডেস্ক

তীব্র তাপদাহে মানুষের প্রাণ ওষ্ঠাগত, প্রখর রোদে অনেকেই হাঁসফাঁস করছেন, অনেক অঞ্চলের বাসিন্দারা ভুগছে তীব্র জলকষ্টে। এমন সময় তাদের সুপেয় জলের ব্যবস্থা না করে কম্বল বিতরণ করে এলেন এক তৃণমূল নেতা। করিমপুরের ওই তৃণমূল বিধায়কের নাম বিমলেন্দু সিংহ রায়। তীব্র গরমে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে চরম সমালোচনা ও কটাক্ষের মুখে তিনি।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিমলেন্দু সিংহ রায় করিমপুর বিধানসভার হরেকৃষ্ণপুর অঞ্চলের পীরতলায় একটি অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করেন। সেখানে ধুতি-কাপড়ের পাশাপাশি বেশকিছু কম্বল বিতরণ করেন তিনি। এতেই তার বিধি বাম।

হঠাৎ তৃণমূল বিধায়ক কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন?— সেই প্রশ্ন এখন বিরোধীদল ছাড়াও সাধারণ মানুষেরও মুখে মুখে। যদিও বিমলেন্দু বিতর্ক উড়িয়ে দাবি করেছেন, ‘যাদের সমালোচনা করা অভ্যাস তারা করবেন। আসন্ন ঈদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশকিছু কম্বল মজুত ছিল। যদি সাধারণ মানুষের কাজে লাগে সেজন্য সেগুলোও দিয়েছিলাম। যাদের কোনো কাজ নেই তারাই এসব নিয়ে হৈ চৈ করে।’

সিপিএমের করিমপুর-১ এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওর মাথা খারাপ হয়েছে কিনা একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত।’ করিমপুর বিধানসভার বিজেপির কনভেনার মৃগেন বিশ্বাস বলেন, ‘এই গরমের মধ্যে মানুষ হাঁসফাঁস করছে, সেই সময় এলাকার কোথায় জলের সংকট আছে কিনা, বিধায়কের দেখা উচিত। কিন্তু বাস্তবে কম্বল দিয়ে নিজেই হাসির খোরাক যুগিয়েছেন।’

এদিকে ফেসবুকে ভাইরাল একটি পোস্টে লেখা হয়েছে, ‘প্রখর দাবাদাহে মাননীয় বিধায়কের কম্বল বিতরণ পাগলামি নাকি বিনাশ কালে বুদ্ধিনাশ?’

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে ভারত এবং বাংলাদেশেও চলছে প্রচণ্ড দাবদাহ। অনেক মানুষ ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়ছে। ভারতের কয়েকটি রাজ্যে তীব্র তাপদাহের জন্য উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। [সূত্র: আনন্দবাজার]

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর