স্টাফ রিপোর্টার:
শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। মেয়াদোত্তীর্ণ হওয়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১১ মে) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বার্তায় বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “মেয়াদ উত্তির্ন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় শরীয়তপুর জেলা যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।”
জেলা যুবদল সূত্র জানায়, ২০১৭ সালে আরিফুর রহমান মোল্লাকে সভাপতি ও জামাল উদ্দিন বিদ্যুৎকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৮ বছর ধরে কমিটির কার্যক্রম পরিচালনা হয়ে আসছে।
কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানা নেই বলে জানায় জেলা কমিটি।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি করার উদ্দেশ্যে এ কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে ধারণা করছি। মূলত শরীয়তপুর জেলা যুবদলকে ঢেলে সাজাতে এবং শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
কমিটি বিলুপ্ত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি আরিফুর রহমান মোল্লা বলেন, কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেকে আগেই। সে ক্ষেত্রে কমিটি আরও আগেই ভেঙে ফেলা উচিৎ ছিল। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমাদের জানা নেই। কেন্দ্রীয় কমিটির দৃষ্টিকোণে কি ধরা পড়েছে সেটা কেন্দ্রীয় কমিটিই ভালো বলতে পারবে।
মো. আল-আমিন
শরীয়তপুর