Last Updated:
কলকাতা: পুরুষ সঙ্গীর ফ্ল্যাটে রহস্যমৃত্যু যুবতীর৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায়৷ ইতিমধ্যেই মৃতের ওই পুরুষসঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷
জানা গিয়েছে, গতকাল রাতে গড়ফার শহিদ নগর এলাকায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছিলেন ৩৫ বছরের ওই যুবতী৷ ওই যুবতীর সঙ্গে তাঁর বোনও সেখানে এসেছিলেন৷ পুলিশ সূত্রে খবর, তিন জনে ফ্ল্যাটের ভিতরেই মদ্যপান করেন৷ গান চালিয়ে নাচানাচিও করেন তাঁরা৷ এর পর মদ্যপ অবস্থায় সিঁড়ি থেকে নামতে গিয়ে কোনওভাবে পড়়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী৷
পুলিশ সূত্রে খবর, অসুস্থ অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান তাঁর পুরুষসঙ্গী এবং যুবতীর বোন৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
তবে মহিলার পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ৷ যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে৷
Kolkata,West Bengal
November 02, 2024, 12:24 PM IST