সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: সাম্প্রতিক কালে প্রতিটি অঘটনের সঙ্গে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসররা জড়িত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না; সেজন্য তারা দেশের স্থিতিশীল নষ্ট করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের ব্যাপারের সিদ্ধান্ত হতে পারে এবং চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের মদত দিচ্ছে তাদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রিপোর্ট দেবেন।
টাঙ্গাইলে মাওলানা ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। হামলার ব্যাপারে তদন্ত চলছে।।
বিএনপি নেতারা বলেছেন, সরকার গণতন্ত্রকে বিলীন করে ফেলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসেবে কোন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন?
গণতন্ত্রের সম্মুখ যাত্রায় পদে পদে যারা বাধা তৈরি করে, তারাই আবার মায়াকান্না কাঁদছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রের নামে যারা নির্বাচন বিমুখ, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়, যারা ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন করে এবং সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে, তারাই আবার গণতন্ত্রের কথা বলে!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেন আপনি সংসদে গেলেন না? জনমতকে অসম্মান কে দেখালো? সরকার না আপনারা?
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি উসকানি দিয়ে নানা ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দায় চাপাতে চায়।
সারাবাংলা/এনআর/একেএম