স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: প্রতিবেশি রাষ্ট্র এবং একটি পরাশক্তি বাংলাদেশকে তাদের অধীনস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গঠিত স্বাধীনতা দিবস উদযাপন কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং একটি পরাশক্তি বাংলাদেশকে তাদের অধীনস্থ করতে চায়। তাদের এই অপতৎপরতার জন্য এদেশের একটি রাজনৈতিক দল দায়ী।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষের অধিকার আদায়ের যুদ্ধকে রাজনৈতিক যুদ্ধ হিসেবে চালিয়ে দেওয়ার প্রবণতা আমাদের আহত করেছে। দেশে গণতন্ত্র নেই, মিছিল-মিটিং করার স্বাধীনতা নাই। এমনকি সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা নাই। ধীরে ধীরে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।’
হাফিজ বলেন, ‘বেগম খালেদা জিয়া একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি তার স্বামীকে যুদ্ধে অনুপ্রেরণা দিয়েছেন। পাকিস্তানের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের অস্ত্র জমা দিতে বারণ করেন। তিনি সৈনিকদের যুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।
সারাবাংলা/এজেড/এনইউ