Last Updated:
গিনি: ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে অন্তত ১০০ জনের মৃত্যু হল গিনিতে৷ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরে এই ঘটনা ঘটেছে৷ সংবাদসংস্থা এএফপি সূত্রেই এই খবর মিলেছে৷
যে হাসপাতালে মৃত এবং আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেখানকার এক চিকিৎসকই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন৷ তাঁর কথায়, ‘হাসপাতালের ভিতরে যতদূর চোখ যাচ্ছে শুধু মৃতদেহের সারি চোখে পড়ছে৷ মর্গেও মৃতদেহ উপচে পড়ছে৷ হাসপাতাল সূত্রে খবর, অন্তত ১০০ মানুষের মৃত্যু হয়েছে৷
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার উপরে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে৷ রাস্তার উপরেই পড়ে রয়েছে একাধিক মৃতদেহ৷ বিক্ষোভকারীরা থানায় ভাঙচুর করেও আগুন ধরিয়ে দেয়৷’
আরও পড়ুন: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি অন্যায়, অবিলম্বে মুক্তির দাবি হাসিনার! তোপ ইউনূস সরকারকে
মাঠে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত৷ বিক্ষুব্ধ সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে যান৷ ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গিনির ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট মামাদি দৌমবউয়ার সম্মানে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল৷ সেই টুর্নামেন্টের খেলাতেই এই গন্ডগোল শুরু হয়৷
গিনিতে সম্প্রতি এই ধরনের ফুটবল টুর্নামেন্ট খুবই জনপ্রিয় হয়েছে৷ কারণ ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই আগামী বছর নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করতে চাইছেন মামাদি দৌমবউয়া৷
Kolkata,West Bengal
December 02, 2024, 10:30 AM IST