স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ তদন্ত যদি হয়, তাহলে সম্ভাবনা আছে এটা বেরিয়ে আসার যে, এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। কারণ, বহু দিন ধরে আওয়ামী লীগের কিছু প্রভাবশালী লোক বঙ্গবাজার দখলের চেষ্টা করছিলেন।
শুক্রবার (৭ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
অগ্নিকাণ্ডের পরে সেখানে বহুতল ভবনের আলোচনা শুরু হয়ে গেছে, এটাকে কীভাবে দেখছেন— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ইয়েস, আমি সেই কথাটাই বললাম। আমি কথা তো সেখানে বলেছি যে, প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে বেরিয়ে আসবে যারা আওয়ামী লীগের প্রভাবশালী তারাই এটার সঙ্গে জড়িত।’
আগামী নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের যে লক্ষ্য, তারা আগের কায়দায় নির্বাচন দেখিয়ে আবার ক্ষমতায় যাবে। সেভাবে তারা পরিকল্পনা করেছে। সেজন্য যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছে যে, তারাই (সরকার) সুষ্ঠু নির্বাচন করতে যথেষ্ট। সেই কারণে গতকালও প্রধান নির্বাচন কর্মকর্তা মুখ দিয়ে তো বেরিয়েছে যে, যদি সকলে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন থেকেই যাবে। সুতরাং রিয়েলিটি ইজ দিস যে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হলে এবং বিএনপি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচনের লেজিটিমেসি থাকবে না। দেয়ার ইজ এ রিয়েলিটি। আমরা মনে করি, সরকার আগের মতো একতরফা নির্বাচন করতে চায়। সেজন্য তারা জাতিসংঘের প্রস্তাব (নির্বাচনে সহযোগিতার প্রস্তাব) রিজেক্ট করেছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আরে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য ধরে আপনি (সাংবাদিক) প্রশ্ন করার সময় অন্যরা (সাংবাদিকরা) যেভাবে হাসছিল। আমার মনে হয় রোজার দিনে কষ্টে মানুষকে এই হাসানোর জন্য উনি এই বক্তব্য দিয়েছেন।’
১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আপনারা জানেন, একটা গণআন্দোলন একইভাবে সমগতিতে সমধারায় চলতে পারে না। তার আপস অ্যান্ড ডাউনস, তার তীব্রতা এবং বিভিন্ন পশ্চাৎপদতা থাকে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আজ আমি এ কথাটুকু বলতে চাই, আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ ও প্রয়াস নিশ্চয়ই আমাদের আগামীতে জয়যুক্ত করবে, কামিয়াব করবে এই সরকারের পতন অবশ্যম্ভাবী করে তুলবে।’
বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বঙ্গবাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে গেল এই সরকারের দায়-দায়িত্ব বলতে কিছু নাই। নির্বিকার-নিশ্চুপ এবং উল্টো রিমান্ডে নিয়ে সেই দরিদ্র হকারদের নানারকমভাবে হয়রানি করছে। আমরা এই সভায় এর তীব্র নিন্দা জ্ঞাপন করেছি।’
বৈঠকে ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির আবু তাহের, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুর রকীব, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম ও জাগপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেড/আইই