সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপিসহ সব সাম্প্রদায়িক অশুভ শক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহিদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা অন্তরায় হয়ে আছে, এই অপশক্তিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিহত করব, পরাজিত করব।’
বিএনপির ভারতবিরোধিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধিতা আগেও হয়েছে, এই বিরোধিতা পাকিস্তান আমলের। যখন কোনো রাজনৈতিক ইস্যু থাকে না, তখনই ভারত বিরোধিতা ইস্যু- এখনো সেটা হচ্ছে। এটা নতুন কিছু নয়।’
এর আগে, ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/এনএস