আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি কখনই চায় না যে বাংলাদেশ একটি মর্যাদাশীল, সমৃদ্ধশীল হোক। বাংলাদেশ সৃষ্টির শত্রুদের সঙ্গেই বিএনপির সখ্যতা বেশি। তারা চেয়েছিল বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। যাতে আমাদের মহান মুক্তিযুদ্ধের গর্ব, ঐতিহ্য ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজকে তা সম্ভব হয়নি।
তিনি বলেন, বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশ, একটি মর্যাদাশীল দেশ। সামনেও বাংলাদেশ তার উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। আমার বিশ্বাস আগামী নির্বাচনেও আপনারা নৌকাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন।
বুধবার (২০ এপ্রিল) রাজধানীর ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, দারুস সালাম মিরপুর, ঢাকায় (শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও দারুস সালাম থানা সংলগ্ন) বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ইদ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
এসময় যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করে বর্তমান যুবলীগেও সেই ধারা অব্যাহত রাখার প্রয়াস নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করে যাচ্ছে। আমাদের এই ৭ম কংগ্রেসের মাধ্যমে বর্তমান কমিটি সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের মুল প্রয়াস কিভাবে সেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মেহনতি ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে তাদের মুখে হাসি ফুটানো যায়— এটাই আমাদের রাজনীতির মুল মন্ত্র এবং আদর্শ। এই আদর্শেই আমরা বিভিন্ন কার্যকলাপ হাতে নেই।
তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, তারা আজকাল বলে যে আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করে, যে দলটি সবচেয়ে অগণতান্ত্রিক উপায়ে ক্যান্টনমেন্টের ভেতর থেকে একজন আর্মি জেনারেলের হাত ধরে জন্ম হওয়ার পর হাজার হাজার সৈনিকদের হত্যা করা এবং শত শত বিমান বাহিনী, আর্মি অফিসারদের মেরে ফেলে, সেই দল আজ এসব কথা বলছে।
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে জামাত-বিএনপি। তারা শুধু ষড়যন্ত্রের মধ্যেই আছে, এদেশের সাধারণ মানুষের পাশে নেই। বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম অনিকসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
সারাবাংলা/আইই