আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলায় একটি নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
রোববার (২৬ ডিসেম্বর) মুজাফফরপুরের শিল্পাঞ্চলে মোদি কুরকুরে ও নুডলস কারখানার বয়লারে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। সে হিসেবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বয়লার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর আওয়াজ পাঁচ কিলোমিটার পর্যন্ত শোনা যায়। বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার সময় কারখানাটিতে কতজন কাজ করছিলেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/একেএম