পাকিস্তান কর্তৃপক্ষ ভারতের বিমান চলাচলের ওপর আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি নতুন করে এক নোটাম (নোটিস টু এয়ারম্যান) জারি করে জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ভারতীয় কোনো বাণিজ্যিক বা সামরিক বিমান ব্যবহার করতে পারবে না। এ নিষেধাজ্ঞা ভারতের মালিকানাধীন বা লিজকৃত সব ধরনের বেসামরিক ও সামরিক বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে বাড়তি উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান প্রথমবারের মতো ভারতের বিমান চলাচলের ওপর আকাশসীমা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এক মাসের ওই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারেনি।
পরবর্তীতে ৩০ এপ্রিল ভারতও পালটা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের বিমান ও এয়ারলাইন্সের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর থেকে ধাপে ধাপে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হচ্ছে। সর্বশেষ ২৩ মে এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছিল।