আন্তর্জাতিক ডেস্ক
ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের প্রথম সমুদ্র ট্রায়াল শুরু হয়েছে। বুধবার (৪ আগস্ট) ভারতের নৌবাহিনীর এক মুখপাত্র টুইটে এ তথ্য জানিয়েছেন। এ সময়টিকে তিনি ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন।
এ রণতরী ২০২২ সাল নাগাদ ভারতের নৌবাহিনীর বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। ভারতের নিজস্ব তৈরি এ বিমানবাহী রণতরী দেশটিকে এরকম জটিল সামরিক অস্ত্র তৈরিতে সক্ষম হাতেগোনা কয়েকটি দেশের কাতারে নিয়ে গেল।
আইএনএস বিক্রান্তের প্রথম পরীক্ষামূলক যাত্রাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ‘আত্মনির্ভর ভারত গড়ার পথে যাত্রা’ বলে অভিহিত করেছেন।
আইএনএস বিক্রান্ত ভারতের নৌবাহিনীর বহরে দ্বিতীয় কোনো বিমানবাহী রণতরী হিসেবে যোগ দেবে। এর আগে গত ২ জুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, আইএনএস বিক্রান্ত ভারতের পূর্ব সেনা কমান্ডে যুক্ত হবে।
আইএনএস বিক্রান্ত নামটি ভারতের নৌবাহিনীতে নতুন নয়। এর আগে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জড়ালে আইএনএস বিক্রান্ত নামক দুর্ধর্ষ এক রণতরী বিস্তৃত সমুদ্রজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে বিপুল পরাক্রম দেখিয়েছিল। ৩৬ বছর সমুদ্রে বিচরণের পর ওই রণতরীটি পুরনো হয়ে যাওয়ায় ১৯৯৭ সালে বাতিল করে দেওয়া হয়। যুদ্ধে পরাক্রমশীল ওই রণতরীর সম্মানে সেদেশের তৈরি প্রথম বিমানবাহী রণতরীটির নামও রাখা হচ্ছে আইএনএস বিক্রান্ত।
বর্তমানে ভারতের নৌবাহিনীতে যুদ্ধবিমানবাহী একমাত্র রণতরী আইএনএস বিক্রমাদিত্য। এটি রাশিয়ার তৈরি। ২০১৪ সালে ভারতের নৌবহরে যুক্ত হয় এ রণতরীটি।
সারাবাংলা/আইই