বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন বারইয়ারহাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত খান সিটি সেন্টারের সামনে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকেল ৪টার দিকে ফেনী র্যাব-৭ স্কোয়াড্রন কমান্ডার লিডার মোঃ মিজানুর রহমান এবং কোম্পানি কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তাদের কাছ থেকে ২৩ কেজি গাঁজা, একটি ব্যবহৃত সিএনজি অটোরিকশা, মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা
মোঃ রুবেল (৩০), পিতা: মোহাম্মদ তনু মিয়া, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা
মোঃ রাজিব (১৯), পিতা: মোঃ আব্দুল মমিন, গ্রাম: আমান গন্ডা সালুকিয়া, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান এনে মহাসড়ক হয়ে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।
র্যাব কমান্ডারের বক্তব্য
এ প্রসঙ্গে র্যাব-৭ ফেনী স্কোয়াড্রন লিডার মোঃ মিজানুর রহমান বলেন,
“বাংলাদেশকে মাদকমুক্ত করার স্বার্থে আমাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও চালানকারীদের কোনও ছাড় দেওয়া হবে না। আটক আসামিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
পরবর্তী ব্যবস্থা
জোরারগঞ্জ থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে। আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল র্যাবের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকের ভয়াল আগ্রাসন রোধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।