শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

যুগপৎ আন্দোলনে বিএনপি-এনপিপি একমত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৮৬ সময় দেখুন
যুগপৎ আন্দোলনে বিএনপি-এনপিপি একমত


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার পতনে যার যার অবস্থান থেকে যুগপৎ আন্দোলনের ব্যাপারে একমত হয়েছে বিএনপি ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

রোববার (১৯ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংলাপ শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজ ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে তাদের সঙ্গে বিএনপি কয়েকটি বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে প্রধান হচ্ছে— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও রাজনৈতিক কারণে বন্দি সব রাজনৈতিক নেতার মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে আন্দোলন।’

যুগপৎ আন্দোলনে বিএনপি-এনপিপি একমত

তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি— এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সেই নির্বাচনকালীন সরকারের অধীনে যে ইসি গঠন হবে, ওই নির্বাচন কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে। আর সেই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা সংসদ গঠন করবে এবং সেই সংসদের মধ্যে দিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা হবে— এ বিষয়গুলোতে আমরা একমত হয়েছি।’

‘এই দাবিগুলো সামনে নিয়ে যুগপৎভাবে যার যার অবস্থান থেকে আন্দোলন শুরু করব। এ বিষয়েও আমরা একমত হয়েছি,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানসহ সব রাজবন্দির মুক্তি এবং শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, তাকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, সংসদ ভেঙে দিতে হবে— এ বিষয়গুলোতে আমরা একমত হয়েছি।’

তিনি বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলন করব এবং বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন- সংগ্রামের মাধ্যমে রাজপথে থাকব।’

সংলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটি সদস্য এবং ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ড. ফরিদুজ্জামান ফরহাদের সঙ্গে ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য আ হ ম জহির হোসেন হাকিম, নবী চৌধুরী, শরিফ মনির হোসেন, বেলাল আহমেদ, যুগ্ম মহাসচিব ফরিদউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা হাসিবুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ অন্যরা।

এর আগে, গত ২৪ মে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে ২৭ মে বাংলাদেশ লেবার পার্টি, ৩১ মে গণসংহতি আন্দোলন, ১ জুন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগ, ৮ জুন জাতীয় পার্টি (কাজী জাফর), ৯ জুন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ১২ জুন ন্যাপ ভাসানী, ১৬ জুন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও ১৮ জুন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ করে বিএনপি।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর