শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে কুবিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন
লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে কুবিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪


কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে ধাওয়া-পালটা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থী সামিন মজুমদার ও সালমান পাটোয়ারী মারধরের শিকার হন বলে জানা গেছে।

পরে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডাকা হয়। সেখানে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান না হওয়ায় প্রক্টর কার্যালয় থেকে বের হওয়ার পর শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ধাওয়া-পালটাধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় আইসিটি বিভাগের তাওহিদুল ইসলাম ও রোদ্র মুহাম্মাদ শহিদুল্লাহ, অর্থনীতি বিভাগের তোফায়েল মাহমুদ নিবির এবং ফাইন্যান্স বিভাগের এহসানুল হক আহত হয়েছেন। পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষকে নিয়ে প্রক্টরিয়াল বডি আলোচনায় বসেছে। আলোচনার মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর