স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সংহতি জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, কালক্ষেপণ না করে; জেদ ও দম্ভ পরিহার করে অবিলম্বে ভিসিকে অপসারণ করুন, ছাত্রদের ন্যায্য গণতান্ত্রিক দাবি মেনে নিন। সরকারের হঠকারিতায় শিক্ষার্থীদের জীবন বিপন্ন হলে সমুদয় দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। একইসঙ্গে, এই ইস্যুতে চরম দায়িত্বহীন ভূমিকার কারণে শিক্ষামন্ত্রী এবং উপমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সংহতি অবস্থান কর্মসূচিতে ২৪ ঘণ্টার মধ্যে ভিসিকে অপসারণ এবং শিক্ষার্থীদের ন্যায্য-গণতান্ত্রিক দাবি মেনে নিতে সরকার, শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ।
নেতৃবৃন্দ বলেন, ভিসি অনেক আগেই পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। শিক্ষার্থীদের গণঅনাস্থার মুখে সরকার ও পুলিশ প্রশাসনের সহায়তায় জবরদস্তি করে ভিসি পদ আঁকড়ে থাকার কোনো অবকাশ নেই।
অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, সরকার এতোটা নিচে নেমেছে যে, তারা প্রতিশোধাত্মক মনোভাব নিয়ে অনশণকারীদেরকে মেডিকেল সেবা দেওয়া ওসমানী মেডিকেল কলেজের ডাক্তারদেরকে চাপ ও হুমকি দিয়ে প্রত্যাহার করে নিয়েছে। সরকার ও প্রশাসন একের পর এক উসকানিমূল পদক্ষেপ নিয়ে পরিস্থিতিকে আরও জটিল ও ঘোলাটে করে ফেলছে। এসব উসকানির কারণে অনভিপ্রেত যে কোন ঘটনার দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।
তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আক্রমণকারীদের গ্রেফতার ও বিচার করারও দাবি জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে বাণিজ্য ও দখলদারিত্ব মুক্ত করে শিক্ষার গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান।
বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি অবস্থানে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বাসদ- মার্কসবাদী এর কেন্দ্রীয় নেতা মাসুদ রানা, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা আবদুল আলী, ওয়ার্কার্স পার্টি-মার্কসবাদী নেতা বিধান দাস। সংহতি জানান ডা. হারুন অর রশীদ, প্রগতিশীল ছাত্র জোট গণসংস্কৃতি ফ্রন্ট ও শ্রমিক নেতৃবৃন্দ।
সারাবাংলা/এএইচএইচ/একেএম