স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার খুব কষ্ট হয়। এইরকম একজন বিশাল মানুষের কন্যা। এটা তো সত্য কথা যে, শেখ মুজিবুর রহমান এদেশের নি:সন্দেহে ওয়ান অব দ্য গ্রেটেস্ট সান। তার মেয়ে গোটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিল।
মঙ্গলবার (১৪ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘২০১৮ সালের একাদশ নির্বাচনে সময়ে বিএনপি মনোনয়ন যে বাণিজ্য করেছে’— সোমবার (১৩ মার্চ) গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যে প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কত টাকা দিয়ে কে আওয়ামী লীগের নেতৃত্ব পায়, কত টাকা দিয়ে কে মন্ত্রীত্ব পায়, এগুলো আমরাও জানি। বাংলাদেশে এতটুকু দেশ।’
তিনি বলেন, ‘আমরা স্থায়ী কমিটি ৭/৮ দিন ধরে বৈঠক করে মনোনয়ন দিয়েছি। সেখানে এতটুকু সমস্যা ছিল না। প্রশ্ন আসে আমরা তিন জন করে দিয়েছি কেন? আমরা তিন জন করে দিয়েছে আওয়ামী লীগের জন্য। আমরা জানি যে, আওয়ামী লীগ শয়তানি করতেই থাকবে। প্রার্থীকে বেআইনি ঘোষণা করবে, উপযুক্ত নয় ঘোষণা করবে, ট্রাইব্যুনাল থেকে আউট করে দেবে সেজন্য বিকল্প প্রার্থী রাখতে হয়েছে। ওদের কী? আমরা তিন রাখি, ১০ জন রাখে তোমাদের কী?’
নির্বাচন কমিশন সংলাপে ডাকলে আপনারা যাবেন কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচন কমিশন কোন নির্বাচন কমিশন? যে নির্বাচন কমিশন কালকে (সোমবার) বলেছে যে, আমার কোনো দায় নেই যে, অন্যান্য দলগুলো আসল কি আসল না। তাকে কি আমি নির্বাচন কমিশন বলব? তার কি দায়-দায়িত্ব আছে বলব।’
‘জনগণের কথা চিন্তা করে তো নির্বাচন কমিশনে যেতে পারেন’— এক সাংবাদিকের এমন পরামর্শের জবাবে তিনি বলেন, ‘আমরা জনগণের কথা চিন্তা করেই তো এই দাবিগুলো করেছি। আমরা তো বলছি না, বিএনপিকে ক্ষমতায় বসাও। আমরা বলেছি নির্বাচনের পরিবেশ তৈরি কর, একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি কর। আমরা তো এখনই বলছি না যে, আমাদের আপনারা এখনই ক্ষমতায় বসিয়ে দিন।
‘ উই ওয়ান্ট এ লেভেল প্লেয়িং ফিল্ড। আপনি একদিকে আমার সমস্ত লোকদেরকে ধরে ধরে জেলে পুরবেন, আপনি মিটিংয়ে মধ্যে আক্রমণ করবেন, মারবেন। আপনি শান্তির সমাবেশ করবেন আর আমাকে মারতে মারতে ঢুকাই দেবেন, এটা তো লেভেল প্লেয়িং ফিল্ড না’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘পরিবেশটা কোথায়? বলেন। ম্যাডামকে (খালেদা জিয়া) জেলে রাখবেন। উনাকে ছাড়েন। মামলাগুলো সব প্রত্যাহার করেন। নির্বাচন পরিবেশ তৈরি করেন। তখন আপনি বলবে, এখন কেন যাচ্ছেন না। তার আগে একথা আপনি বলতে পারেন না।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ ও সমবায়কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
সারাবাংলা/ এজেড/এনইউ