স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২-১৩ বছর ধরে যেভাবে যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে সবাই পরীক্ষিতভাবে লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, ‘দেশে ক্ষুধা-দারিদ্র্য কমেছে। মানুষের স্বাক্ষরতা বেড়েছে। গ্রামে-গঞ্জে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ দিয়েছেন, রাস্তা নির্মাণ করেছেন। গত ১৩ বছরে পরীক্ষিত এসব বিষয়ে শেখ হাসিনা যে কৌশল গ্রহণ করেছে, তাতে উন্নয়নের ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।’
শনিবার (১১ জুন) রাজধানীর গুলশান ক্লাবে ‘প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনার মধ্যে দিয়ে ‘সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগ (সিআইডিডি) নামে উন্নয়ন-গবেষণাধর্মী এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। পরিকল্পনামন্ত্রী এম এ. মান্নান এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রতিটি নাগরিকের একটি শপিং লিস্ট আছে, বড় কর্মকর্তাদের শপিং লিস্টে থাকে রাজউকের প্লট পাওয়া, ভালো জায়গায় পোস্টিং পাওয়া। আমি মন্ত্রিসভার সদস্য হলেও, আমারও একটা শপিং লিস্ট আছে। আর আমার ভোটার- সে হরিদাস পাল বা আবদুল মান্নান, যাই হোক না কেন; তারও একটা শপিং লিস্ট আছে- তার শপিং লিস্টে প্রধান ও প্রথম তালিকায় আছে খাদ্য। সে এখন খাদ্য চায়, নিরাপদ পানি চায়, স্যানিটেশন চায়, হাঁটার পথ চায়। আমার তালিকা ও তাদের তালিকা প্রায় কাছাকাছি।’
তিনি বলেন, ‘আমার মতে দেশের ৮০ ভাগ মানুষ গুড গভর্নেন্সের চেয়ে খাদ্যে বেশি চায়। গুড গভর্নেন্সের চেয়ে নিরাপদ পানি বেশি চায়। গুড গভর্নেন্সের চেয়ে ইলেকট্রিসিটি বেশি চায়। এই মুহুর্তে গভর্নেন্সের চেয়ে গ্রামের মানুষের রাস্তা বেশি প্রয়োজন।’
তিনি আরও বলেন, মাহাথির মোহাম্মদ ২৫ বছর ক্ষমতায় থাকলে কোন ক্ষতি হয় না। কিন্তু শেখ হাসিনা ১২-১৩ বছর ক্ষমতায় থাকায় বলতে থাকেন, ‘চলে যাও, চলে যাও।’ এর মধ্যে একটি বৈপরীত্য আছে।
অনুষ্ঠানে ‘মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বাজেট চাই’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইডিডির মহাসচিব ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম মফিজুল ইসলাম।
মূল প্রবন্ধে তিনি বলেন, আগামী ২০২২-২৩ অর্থবছরে উচ্চ মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। কারণ হলো- বাংলাদেশ এখন রাশিয়া ও ইউক্রেন থেকে গম আমদানি করতে পারছে না। রাশিয়া ও বেলারুশ থেকে সার আমদানি করতে পারছে না। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটছে। আমদানি কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে, জাহাজ ভাড়া বাড়ছে। সামনে আসছে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রার বন্যা। বিশ্বে দেখা দিচ্ছে মহামন্দা। এসব তথ্য একত্রিত করলে দাঁড়ায়, ২০২২-২৩ অর্থবছরে তেড়ে আসতে পারে ভয়াবহ মুদ্রাস্ফীতি।
তিনি আরও বলেন, আগামী ২০২২-২৩ অর্থবছরে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর অক্ষম ও অসচ্ছল ব্যক্তির জনপ্রতি মাসিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা এবং প্রতিবন্ধী ভাতা ৭৫০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করতে হবে। নইলে আসন্ন উচ্চ মুদ্রাস্ফীতির ধাক্কায় এরা নিশ্চিহ্ন হয়ে যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় যে সমস্ত গরিব পরিবারকে ১০ টাকা কেজি চালের দাম, ১০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫ টাকা করার প্রস্তাব বাজেটে রয়েছে, তা আসছে বাজেটে না করাটাই ভালো।
বেকার ভাতা চালুর সুপারিশ করে অধ্যাপক মফিজুল ইসলাম বলেন, একটি মহান কাজে হাত দিতে পারে সরকার। তা হলো- বেকার ভাতা চালু করা। প্রথমদিকে বিশেষ বিশেষ শ্রেণীর জন্য বেকার ভাতা স্কিম চালু করে ধীরে ধীরে সর্বশ্রেণীর বেকার মানুষের জন্য বেকার ভাতা চালু করতে হবে। বেকারদের ১০০০ টাকা করে ভাতা দেওয়ার সুপারিশ করেন অধ্যাপক মফিজুল ইসলাম।
সিআইডিডির চেয়ারম্যান মোস্তফা কামাল মুজেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তেব্য দেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ নুরুদ্দিন আহমেদ।
তিনি সিআইডিডির আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চাই। একই সঙ্গে সরকার, সংশ্লিষ্ট সংস্থা এবং জনগণকে সেই আদর্শে সচেতন ও উজ্জীবিত করতে চাই। পাশাপাশি পাবলিক পলিসিসমূহের অন্তর্ভূক্তির জায়গাগুলোতে প্রয়োজনে পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধনের জন্য সরকারকে প্রভাবিত করার চ্যালেঞ্জ নিয়ে সংস্থাটি গবেষণা ও বাস্তবভিত্তিক কর্মসূচি ও কার্যক্রম চালিয়ে যাবে।
প্রকৌশলী সাদিয়া হোসাইন ও মো. আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ মোর্শেদ জাহান, অধ্যাপক সালমা আক্তার, এডিবির সাবেক উপদেষ্টা ফেরদৌসী সুলতানাসহ অন্যান্যরা।
সারাবাংলা/কেআইএফ/একেএম