স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিতে চাই। যাতে নির্বাচনে সরকার কোন প্রভাব বিস্তার করতে না পারে। আমরা ফর্মুলা দিতে পারি, সব দল থেকে ফর্মুলা নিয়ে আলোচনা হতে পারে।
রোববার (২৩ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন ব্যবস্থা অবশ্যই সরকারের প্রভাবমুক্ত করতে হবে। বর্তমান সরকারের অধীনে ইলেকশন নয় সিলেকশন হতে পারে। এই সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে।
তিনি বলেন, বর্তমান সরকার একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। পেশাদার ও ব্যবসায়ী সংগঠন গুলোতে এখন আর নির্বাচন হয় না, সিলেকশন করে দেওয়া হচ্ছে।
জি এম কাদের বলেন, গণতান্ত্রিক ধারা ধ্বংস করে কর্তৃত্ববাদী এক নায়কতন্ত্র চালু করেছে। আগামী নির্বাচনেও যদি এভাবে চলতে থাকে, তাহলে আর রাজনীতি বা রাজনৈতিক দল থাকবে না। দেশ এক নেতার অধীনে চলে যাবে, এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করা হবে। দেশের মানুষ তাদের অধিকার হারিয়ে ফেলেছে, এভাবে চলতে থাকলে দেশের মানুষের অধিকার বলতে কিছুই থাকবে না।
তিনি বলেন, সরকার বলেছে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। সরকার বলছে তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। কিন্তু সরকার ছাড়া সকল রাজনৈতিক শক্তি ও সাধারণ মানুষ বলছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
জাপা চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের সামনে অমানিশার অন্ধকার। কী হবে তা কেউ জানে না। সবার জিজ্ঞেসা কী হচ্ছে? কী হবে?
তিনি বলেন, আমরা জনগণের ভোটে জনগণের সরকার চাই। একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চাই। জনগণের পাশে আমাদের থাকতে হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমরা সাধারণ মানুষের পক্ষে থাকব।
এদিন ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু (এমপি), টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম চাকলাদার, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দ শামসুদ্দোহা জুবায়ের, আব্দুল আজিজ প্রমুখ।
সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ