আন্তর্জাতিক ডেস্ক
স্লোভাকিয়ার জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর দল স্মের-এসএসডি। প্রায় সব ভোট গণনা শেষে দেখা গেছে, ২৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে স্মের-এসএসডি। যদিও সরকার গঠনে দলটিকে জোট গড়তে হবে।
রবার্ট ফিকো কট্টর রুশপন্থি হিসেবে পরিচিত। তার দল সরকার গড়লে ইউক্রেনে অবিলম্বে সকল সামরিক সহযোগিতা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
স্লোভাকিয়ায় এবারের নির্বাচনে উদার মধ্যপন্থি লিবারেল প্রগ্রেসিভ পার্টি জিততে পারে বলে ভোটের আগে বিভিন্ন জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু ভোটের পর ফলাফলে দেখা গেছে, লিবারেল প্রগ্রেসিভ দল ১৭ শতাংশ ভোট পেয়েছে। এছাড়া ইউরোপপন্থি সোশ্যাল ডেমোক্রেট বা হ্লাস পার্টি ১৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
স্লোভাকিয়া ন্যাটোর সদস্য রাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে সীমান্ত রয়েছে স্লোভাকিয়ার। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর থেকে কিয়েভকে সমর্থন করে আসছে দেশটি। কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র সহায়তাও দিয়ে আসছে স্লোভাকিয়া। তবে ৫৯ বছর বয়সী রবার্ট ফিকো ইউক্রেনকে সমর্থনের ঘোর বিরোধী।
সারাবাংলা/আইই