স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৫:০৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫২
সংবাদ সম্মেলনে হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী। ছবি: সারাবাংলা
ঢাকা: ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে তাবলিগ জামাতের ঘুমন্ত মুসল্লীদের ওপর ন্যাক্কারজনক হামলা করে সাদপন্থি সন্ত্রাসীরা। ওই হামলায় তিনজন শহিদ হন এবং শতাধিক মুসল্লী আহত হন। সেই হামলার ঘটনায় মামলা হলেও সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কেন গ্রেফতার করছে না তা আমরা বুঝতে পারছি না।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইল তাবলিগ জামাতের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের অন্যতম শীর্ষ মুরুব্বী উত্তরা জামিয়াতুল নুর আর কাসেমিয়ার মহাপরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। লিখিত বক্তব্যে হামলাকারীদের বিচার দাবি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরী, হেফাজত নেতা আল্লামা মামুনুল হক, ফজলুল করিম কাসেমীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উলামায়ে একরামদের মুরুব্বীরা।
হাফেজ নাজমুল হাসান কাসেমী বলেন, ১৭ ডিসেম্বর রাতে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার পর সরকারের কাছে আমরা বিচার চেয়েছিলাম। মামলা হয়েছে। সরকার সন্ত্রাসীদের গ্রেফতারে আশ্বাস দিয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ উদ্যোগ নিয়েছিল, দুই পক্ষের সাথে বসে কিভাবে একটি সমাধান বের করা যায়। কিন্তু তার আগেই সন্ত্রাসীরা হামলা করে নিরীহ মুসল্লীদের ওপর।
ন্যাক্কারজনক হামলার ঘটনায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ প্রশাসন তথা সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই হামলাকারীদের গ্রেফতারের জন্য আমরা আবারও সরকারকে বলে দিতে চাই। সরকারের আম্বাসের প্রেক্ষিতেই আমরা আলেম সমাজকে নিবৃত করেছিলাম।
নাজমুল হাসান কাসেমী বলেন, আমরা সরকারকে বলেছি, সাদপন্থিদের বিদেশি অপশক্তির সঙ্গে যোগসাজসের অভিযোগ রয়েছে। তাই ভবিষ্যতে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিরীহ মুসল্লীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে আগামী ১০ জানুয়ারি শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
এরমধ্যে দাবি আদায় না হলে আগামী ২৫ জানুয়ারি সারাদেশে প্রতিনিধিত্বকারী আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করা হবে। এরমধ্যে সাদপন্থি তাবলিগকে বিচারের আওতায় না আনলে ওলামা সম্মেলনেই পরবর্তী করণীয় ঘোষণা করা হবে।
সারাবাংলা/ইউজে/ইআ
তাবলীগ জামাত