সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভা করবে আওয়ামী লীগ। এতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শুক্রবার (২৮ অক্টোবর) দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
সন্ধ্যায় বৈঠকের বিরতিতে গণভবনের গেটে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নেত্রী সশরীরে যোগ দেবেন।
এর আগে বিকেল ৪টায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর আবারও বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন হবে।
ওবায়দুল কাদের বলেন, এবারের সম্মেলন একদিনে করা হবে। সম্মেলনও তেমন জাকজমকপূর্ণ হবে না। বৈশ্বিক সংকটের কারণে কৃচ্ছ্রতা সাধন করা হবে।
ওবায়দুল কাদের বলেন, সম্মেলনকে সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অবহিত করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সহযোগী সংগঠনের নেতাদের সম্মেলনের তারিখসহ সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দিনব্যাপী এ সম্মেলনে সকালে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে কাউন্সিল অধিবেশন হবে অর্থাৎ নেতৃত্ব নির্বাচন পর্ব। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
সারাবাংলা /এনআর/ এনইউ