আর্ন্তজাতিক ডেস্ক
৯৩তম জন্মদিনের দিন চতুর্থবারের মতো বিয়ে করেছেন আমেরিকান সাবেক মহাকাশচারী বাজ অলড্রিন। অলড্রিন কিংবদন্তি মহাকাশযান অ্যাপেলো-১১ এর পাইলট হিসেবে ১৯৬৯ সালে চন্দ্র অভিযানে অংশ নেন। তিনি মিশন কমান্ডার নীল আর্মস্ট্রং এর পর চাঁদের মাটিতে পা রাখা দ্বিতীয় মানুষ।
বিয়ের পর মহাকাশযানের সাবেক এই পাইলট জানান, তিনি ও তার স্ত্রী অ্যানকা ফ্যুয়ের ‘পালিয়ে বিয়ে করা কোনো কিশোর-কিশোরীর’ মতোই রোমাঞ্চিত।
অলড্রিন চাঁদের মাটিতে পা রাখা ৪ জনের মধ্যে একজন। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানের ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন অলড্রিন। টুইটে তিনি লেখেন, ‘আমার ৯৩তম জন্মদিনে আমি আনন্দের সঙ্গে জানাতে চাই আমার দীর্ঘদীনের ভালোবাসা ডা. অ্যানকা ফ্যুয়ের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি।’
৬৩ বছর বয়সী নববধূ ডা. ফ্যুয়ের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন। তিনি অলড্রিনের কোম্পানি ‘বাজ অলড্রিন ভেঞ্চার’ এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট।
চন্দ্রজয়ের পর মাত্র একরাতের মধ্যেই পৃথিবী বিখ্যাতদের একজন হয়ে ওঠেন বাজ অলড্রিন। ২০০১ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি কখনোই এটা চিন্তা করিনি চন্দ্র অভিযানের পর কী হবে। আমি লোকের চোখে এত জনপ্রিয়তার জন্য প্রস্তুত ছিলাম না। এ ধরণের জনপ্রিয় হওয়ার কোনো আগ্রহও আমার ছিলো না।’
চন্দ্র অভিযানের আগে অলড্রিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে যুদ্ধবিমানের পাইলট হিসেবে কাজ করতেন। কোরিয়া যুদ্ধের সময় বেশি কয়েকটি সামরিক মিশনেও তিনি অংশ নেন।
সারাবাংলা/এমও