আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির একটি মামলার রায়ের দিন আগামী ৬ ডিসেম্বর ধার্য হয়েছে। জান্তা শাসিত দেশটির একটি আদালত আজ ৩০ নভেম্বর এ রায় দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের বেসামরিক সরকারের নেতা অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। তার বিরুদ্ধে করোনাভাইরাস–সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। এমন অভিযোগে একটি মামলার রায় আজ দেওয়ার কথা ছিল আদালতের।
ঠিক কী কারণে রায় স্থগিত হলো তা জানানো হয়নি। তবে রায়ের তারিখ এক সপ্তাহ পিছিয়ে আগামী ৬ ডিসেম্বর ঠিক করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সু চির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিল। তবে, জালিয়াতির অভিযোগ উড়িয়ে দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। তখন থেকেই সু চিকে গৃহবন্দি করে রাখা হয়। তারপর থেকে জান্তাবিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মিয়ানমারের জনগণ।
সারাবাংলা/আইই