স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কখনোই ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক। এবার নির্বাচনে অংশ না নিলে মির্জা ফখরুল ইসলাম নিজের পতন এবং বিএনপির পতন দুটোই ঘটাবেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা মাঠ ছেড়েই চলে যেতে চাচ্ছেন। তাদের বলবো মাঠে আসার জন্য এবং আমাদের সঙ্গে খেলার জন্য। আমরা খেলেই জিততে চাই। আমরা চাই সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ গ্রহন করুক এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন সরকার নির্বাচিত করুক।
বিএনপিকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগ কোনো উদ্যোগ নেবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের মাঠে আমরা একটা পক্ষ মাত্র। বিএনপির কোনো কথা থাকলে তা নির্বাচন কমিশনে যেতে পারেন। সেখানে ইসি আমাদের ডাকলে আমরা যাব।
তিনি বলেন, ২০১৮ সালে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে আবার বিতর্কিত করার চেষ্টা করেছে। আশা করি এবার সেটা করবেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই সরকারের পতন চাই। আমি বলব এবার নির্বাচনে অংশ না নিলে ফখরুল ইসলাম নিজের পতন এবং বিএনপির পতন দুটোই ঘটাবেন।
নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে জ্বালাও পোড়াও করেছে, সেটা আমরা মোকাবিলা করেছি। ওই পরিস্থিতি এখন আর বিএনপি সৃষ্টি করতে পারবে না। নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে সেটা আমরা চাই। গণতন্ত্রে জনগণের অংশ নেওয়া মূল কথা। বাংলাদেশে ১৯৭০ সালে নির্বাচন হয়েছিলো। মওলানা ভাসানির নেতৃত্বে নির্বাচনে স্লোগান ছিল ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। ১৯৭০ নির্বাচন না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
সারাবাংলা/জেআর/এনইউ