শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

আওয়ামী লীগ-জামায়াতের কি পরকীয়া চলছে, প্রশ্ন টুকুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ সময় দেখুন
আওয়ামী লীগ-জামায়াতের কি পরকীয়া চলছে, প্রশ্ন টুকুর


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ‘পরকীয়া প্রেম’ চলছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডির হাজারীবাগে আয়োজিত এক সমাবেশে তিনি এ প্রশ্ন তোলেন। জ্বালানি তেল, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, ঢাকাসহ সারাদেশে বিএনপির কর্মসূচিতে হামলা ও নেতা-কর্মী হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধানমন্ডি জোন-৪ এ সমাবেশ আয়োজন করে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘উনারা (আওয়ামী লীগ সরকার) জামায়াতের নিবন্ধন ক্যানসেল করেন কিন্তু বেআইনি ঘোষণা করেন না। তা হলে কী আমি বলব, উনাদের পরকীয়া প্রেম চলছে? প্রায়ই শুনি, বিএনপি-জামায়াত, বিএনপি-জামায়াত। আমি বলছি, এখন সময় এসেছে আওয়ামী-জামায়াত, আওয়ামী-জামায়াত বলার। জামায়াতও উর্দু, আওয়ামীও উর্দু- দুইটার সাথে মিলবে ভালো।’

‘যখন আপনারা বলেন, স্বাধীনতা বিরোধী আমিও স্বীকার করি। কিন্তু নিবন্ধন বাতিল করলেন, তাদেরকে বেআইনি ঘোষণা করলেন না কেন। তার অর্থ আওয়ামী লীগ জামায়াতের ফাঁদে পড়েছে। তাই বাতিল করে নাই। আজ থেকে আওয়ামী-জামায়াত হবে, বিএনপি-জামায়াত আর হবে না।’

টুকু বলেন, ‘আজকে যে ঝড়-ঝাপটা গেছে, অলি-গলি থেকে ওরা (আওয়ামী লীগ) আমাদের ওপরে গুপ্ত হামলা করেছিল। পুলিশ যদি আমাদের জনগণের কষ্টার্জিত টাকায় বেতনভুক্ত না হয়ে ওদের দলীয় কর্মী হতো তাহলে আমরা এখানে সভা করতে পারতাম না। এজন্য আমি পুলিশ ভাইদের ধন্যবাদ দেই।’

তিনি বলেন, ‘আমি তাদেরকে চিনি। ১৯৭১ সালে ২৫ মার্চের রাতে রাজারবাগে পুলিশ লাইনে আক্রমণ করেছিল সেদিন পুলিশরা তা প্রতিহত করেছিল। সেইদিন সুভাগ্যক্রমে আমি তাদের সাথে ছিলাম। আমি দেখেছি তার পরের দিন কত হাজার হাজার পুলিশের লাশ নিয়ে পাকিস্তানি সেনা কোথায় গায়েব করে দিয়েছিল। মানুষ জানে না। সেই পুলিশ ভাইয়েরা যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল আপনারা তার উত্তরসুরী। আপনারা গণতন্ত্রের জন্য রুখে দাঁড়াবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

টুকু বলেন, ‘আজকে আমি হঠাৎ করে দেখলাম আমাদের ছেলেদের হাতে লাঠি। আমি একটু শঙ্কিত হলাম। বিএনপি কেন লাঠি নিয়ে এসেছে? বিএনপির ভালো কর্মীদের মারতে মারতে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আজকে আত্মরক্ষার জন্য তারা লাঠি হাতে নিয়েছে।’

তিনি বলেন, ‘টেলিভিশনের টকশোতে বিএনপির লাঠি নিয়ে আলোচনা কইরেন না। লাঠি আপনারা তুলে দিয়েছেন। বিএনপির কর্মীরা নিজ ইচ্ছায় লাঠি তোলে নাই। সুতরাং টেলিভিশন সাপোর্ট কইরেন না। বলতে হবে কেন বিএনপির কর্মীরা লাঠি হাতে মিছিল করছে? একবার বলবেন ওখানে, আরেকবার বলবেন এখানে, আগামীদিন বলবেন ওখানে, আবার বলবেন হবে না। একবার পারমিশন দেবেন, আবার বাতিল করবেন, আবার এমন সময় উনারা পারমিশন দেবেন ওরা অস্ত্র-সশ্বস্ত্র নিয়ে আসবে।’

টুকু বলেন, ‘দেশে গণতন্ত্র নাই। আজকে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য জনসভা করছি না, আমরা এই জনসভা করছি, আন্দোলন করছি জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের জন্মগত অধিকারের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলেন। আজকে সেই গণতন্ত্র তোমরা লুট করে নিয়ে গেছ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়ন উন্নয়ন করে। মন্ত্রিপরিষদ সচিব উন্নয়ন দেখতে দেখতে অসহ্য হয়ে পড়লেন। কয়েকদিন আগে কমিশনারদের মিটিংয়ে বললেন, আমাদের বর্হিসম্পদ বিভাগে যাদেরকে আপনারা রাখেন তারা চুরি করার জন্য বিদেশ থেকে ঋণ নিয়ে আসে, ঋণ নিয়ে চুক্তি করে, চুক্তি করে পরিকল্পনা কমিশনের পাঠায়, পরিকল্পনা কমিশন সেটা পাস করে দেয়। পরে সেই ঋণ আমাদের গলার ফাঁস হয়ে যায়। এই কথা আমার নয়, মন্ত্রিপরিষদ সচিবের।’

টুকু বলেন, ‘আমরা গিবত করতে চাই না। তোমার (সরকার) মন্ত্রিপরিষদ সচিব গিবত করেন- ‘উন্নয়ন’ বাংলাদেশের মানুষের জন্য ফাঁস। ঋণ করে, চুরি করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছ যেটা হচ্ছে বাংলাদেশ বর্হিসম্পদ বিভাগের নিরেট চুক্তি বিদেশি ঋণ করে টাকা নিয়ে যাওয়া। এই ঋণের ভার বহন করবে দেশের ১৮ কোটি জনগণ। বিএনপি সেই উন্নয়ন চায় না, সেই ফাঁস বিএনপি চায় না, বিএনপি চায় সুষম উন্নয়ন।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবদুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপু, শেখ রবিউল আলম রবি, মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু প্রমুখ।

সারাবাংলা/ এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর