আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে এক মাসের মধ্যে মেয়েদের রূপচর্চা কেন্দ্র (বিউটি সেলুন বা বিউটি পার্লার) বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এ বিষয়ে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ সাদিক আকিফ।
সোমবার (৩ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজকে সাদিক আকিফ জানান, নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপ্যালকে নতুন ডিক্রি কার্যকর ও নারীদের রূপচর্চা কেন্দ্রের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছে।
এক মাসের মধ্যে দেশটির রাজধানী কাবুলসহ অনান্য প্রদেশে এ আদেশ কার্যকর করা হবে বলেও জানান তিনি।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান। এরপরই থেকেই দেশটিতে একের পর এক নির্দেশনা জারি করা হয়। এরপর নারীদের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংস্থা এবং সরকারি চাকরি থেকেও নারীদের সরিয়ে দেওয়া হয়। এবার দেওয়া হলো এই নির্দেশনা।
সারাবাংলা/ইআ