আন্তর্জাতিক ডেস্ক
ভারতের আসাম রাজ্যের দরং জেলায় শিবমন্দির নির্মাণের লক্ষ্যে বাঙালি মুসলিমদের উচ্ছেদের পর তাদের বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় কমপক্ষে দুই জনের নিহতের খবর প্রকাশ করেছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম। এতে আহত হয়েছেন ৯ পুলিশ। আসাম রাজ্যে বিরোধী দল কংগ্রেসের সভাপতিও এ খবর টুইট করেছেন।
বিবিসির খবরে জানা গেছে, দরং জেলার ধলপুর গ্রামে একটি প্রাচীন শিবমন্দির বড় করে গড়ে তোলার জন্য ওই এলাকায় দফায় দফায় উচ্ছেদ অভিযান চালায় স্থানীয় সরকার। এতে ভিটেমাটি হারান ওই এলাকায় বসবাস করা কয়েক হাজার বাঙালি মুসলিম। সর্বশেষ গত সোমবার ওই অঞ্চলের প্রায় ৮০০ পরিবারের কয়েক হাজার মানুষকে উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার দরংয়ে উচ্ছেদ-বিরোধী কমিটি এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে গুলি চালায় আসাম পুলিশ। এ ঘটনায় অনেকেই হতাহত হন।
বিবিসির খবরে বলা হয়, পুলিশের হামলায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এতে দুইজন নিহতের খবর পাওয়া গেছে।
ঘটনাস্থল ঘুরে আসা বিবিসির সাংবাদিক দেবব্রত দত্ত জানান, উচ্ছেদ হওয়া মানুষরা প্রায় সবাই বাঙালি মুসলিম যারা বহু দশক ধরে ধলপুরের চরাঞ্চলেই বসবাস করছেন।
সারাবাংলা/আইই