আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে ভারী বিমান হামলার শিকার হয়ে অন্তত ৪৩ জন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন। স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ইথিওপিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে অবশ্য এ ধরনের খবর নিশ্চিত বা অস্বীকার করেননি। বরং রয়টার্সকে তিনি বলেছেন, বিমান হামলা সামরিক বাহিনীর একটি সাধারণ কৌশল। তবে কোনো বিমান হামলায় বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় না।
রয়টার্সের খবরে স্থানীয় এক নারীর বরাতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ এক বাজারে বোমাবর্ষণ হয়। এসময় তার স্বামী ও দুই বছর বয়েসি মেয়ে আহত হয়েছেন।
বুধবার তিনি রয়টার্সকে বলেন, ‘আমরা বিমান দেখিনি, তবে শব্দ শুনেছি। যখন বিস্ফোরণ ঘটল, সবাই দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর আমরা আবার ফিরে আসলাম ও আহতদের উদ্ধার করলাম। ওই বাজারটিতে অনেক মানুষ ছিল। কিন্তু বাজারে কোনো অস্ত্রধারী লোককে আমরা দেখিনি। ওই বোমার আঘাতে অনেক লোক মারা গেছেন’।
এছাড়া টাইগ্রে অঞ্চলের এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমান হামলায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। ওই স্বাস্থ্য কর্মকর্তা প্রত্যক্ষদর্শী অনেকের উদ্ধৃতি দেন।
২০১৮ সাল থেকে ইরিত্রিয়া ও সুদান সীমান্তবর্তী টাইগ্রে অঞ্চলে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর লড়াই চলছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতা গ্রহণের পরই এসব সঙ্ঘাত বাড়ে। সম্প্রতি টাইগ্রে নেতাদের প্রতি অনুগত বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। ওই অঞ্চলে ক্রমাগত সঙ্ঘাতে বৃহৎ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় সাড়ে তিন লাখ মানুষ টাইগ্রে অঞ্চলে চরম দুর্ভিক্ষের মুখোমুখি।
এদিকে গত সোমবার ইথিওপিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও আসেনি। তবে প্রধানমন্ত্রী আবী আহমেদের দল প্রসপারিটি পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
সারাবাংলা/আইই