আন্তর্জাতিক ডেস্ক
ইরানের মদতপুষ্ঠ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় রোববার (২৭ জুন) এসব হামলা চালানো হয়।
পেন্টাগনের এক বিবৃতিতে বিমান হামলার তথ্য প্রকাশ করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে সম্প্রতি ড্রোন হামলার জবাব দিতে ইরানের মদতপুষ্ঠ জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরিকদের রক্ষায় যা কিছু করা দরকার তা করবেন।
পেন্টাগনের ওই বিবৃতিতে কোনো হতাহতের তথ্য দেওয়া হয়নি। তবে স্থানীয় একটি নজরদারী গ্রুপ দাবি করছে, মার্কিন হামলায় সিরিয়ায় অন্তত ৫ জঙ্গি নিহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার এক সংগঠন জানায়, সিরিয়ায় মার্কিন যুদ্ধবিমান হামলায় বহু মিলিশিয়া আহত হয়েছে। এছাড়া সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, মার্কিন হামলায় এক শিশু নিহত ও আরও তিন ব্যক্তি আহত হয়েছে।
উল্লেখ্য, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইরাক ও সিরিয়ায় এটি দ্বিতীয় দফায় মার্কিন বিমান হামলা। সম্প্রতি ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে প্রায়ই ড্রোন হামলার কবলে পড়ছে। এসব হামলার জন্য ইরানের মদতপুষ্ঠ জঙ্গিগোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে পেন্টাগন। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সারাবাংলা/আইই