আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ও বাণিজ্য বিভাগ প্রায় ৩৬টির মতো ওয়েবসাইট ব্লকড (বাজেয়াপ্ত) করেছে। যার মধ্যে বেশির ভাগই ইরানের হয়ে ভুল তথ্য প্রচার কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়। গতকাল মঙ্গলবার (২২ জুন) মার্কিন প্রশাসন সংবাদ সংস্থা রয়টার্স ও এপি নিউজ’র কাছে এ তথ্য নিশ্চিত করে। খবর আলজাজিরা।
মার্কিন প্রশাসন পরবর্তীতে এ বিষয়ে অনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। এসব সাইটের মধ্যে ইরানের রাষ্ট্রীয় ইংরেজি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’, ইয়েমেনের হুতি বিদ্রোহীকর্তৃক পরিচালিত স্যাটেলাইট নিউজ চ্যানেল ‘আল মাসিরাহ’ এবং ইরানের রাষ্ট্রীয় টিভি’র আরবি ভাষার চ্যানেল ‘আল-আলম’ অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার সাইটগুলোতে গেলে মার্কিন প্রশাসনের সতর্ক বার্তা দেখা যায়। ওই নোটিশে বলা হয়, যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি, অফিস অব এক্সপোর্ট এনফোর্সমেন্ট এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কর্তৃক আইনি পদক্ষেপের অংশ হিসেবে এই সাইট বাজেয়াপ্ত করা হয়েছে।
মার্কিন সরকার ফিলিস্তিন টুডে’র মত সংবাদমাধ্যমেও ডোমেন নামও যুক্ত করেছে। যা গাজা ভিত্তিক দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের মতাদর্শ প্রচার করে। এই সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও মার্কিন ওই নোটিশ দেখা যায়।
এর আগে, গত বছরের অক্টোবর ইরানের শক্তিশালী বিপ্লবী বাহিনীর সঙ্গে সম্পর্কিত প্রায় ১০০ সাইটকে সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছিল মার্কিন বিচার বিভাগ।
এই সাইটগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র জানায়, সাধারণ সংবাদমাধ্যমের আড়ালে এসব সাইট মার্কিন নীতিকে প্রভাবিত ও ইরানের নীতি প্রচারের জন্য ‘বিশ্বব্যাপী ভুল তথ্য’ ছড়ানোর কাজ করত।
সারাবাংলা/এনএস