বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

এআই ন্যাভিগেটর ২০২৬: রাবিতে বিনামূল্যে এআই প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৫ সময় দেখুন
এআই ন্যাভিগেটর ২০২৬: রাবিতে বিনামূল্যে এআই প্রশিক্ষণ


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা সেন্ড ‘এ লিটল হোপ’ (ইউকে)-এর সঙ্গে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক সই করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আওতায় ‘এআই ন্যাভিগেটর ২০২৬’ কর্মসূচির মাধ্যমে এ বছর বিনামূল্যে ২ হাজার ২৬ জন শিক্ষার্থীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পূর্বে অনলাইন এ রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীদের নিয়ে এ উদ্বোধনী সেশন আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ‘এআই ন্যাভিগেটর-২০২৬’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্বশীলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সক্ষমতা তৈরি করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি জোরদার করা এবং ডিজিটাল যুগে নেতৃত্বের গুণাবলি বিকাশে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী এআই শিখে যে প্রজেক্টগুলো সাবমিট করবে এইগুলো সংগঠন থেকে বিভিন্ন এআই ভিত্তিক প্রতিষ্ঠানে পাঠানো হবে। এর মধ্যে নতুন করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের ও ব্যবস্থা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সেন্ড এ লিটল হোপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুজাহিদুল ইসলাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এআই-চালিত বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের তরুণদের প্রস্তুত করাই ‘এআই ন্যাভিগেটর ২০২৬’ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ সময় তিনি কর্মসূচি বিষয়ে একটি উপস্থাপনাও প্রদান করেন।

এ সময় ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এআই-ভিত্তিক বাস্তবমুখী জ্ঞান অর্জনে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রয়োজনীয়। এ উদ্যোগ গ্রহণের জন্য তিনি সেন্ড এ লিটল হোপ–ইউকে-কে ধন্যবাদ জানায়। আশা করি সামনের দিনেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি -এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আদিল হাসান চৌধুরী, সেন্ড এ লিটল হোপ-এর কান্ট্রি ডিরেক্টর ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং শাদমান সাকিব চৌধুরী। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আগ্রহী শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রসঙ্গত, সেন্ড এ লিটল হোপ ট্রেনিং অ্যান্ড এডুকেশন, ইমার্জেন্সি রেসপন্স এবং ফুড অ্যান্ড ওয়াটার এই তিনটি খাতে কাজ করে আসছে। ট্রেনিং অ্যান্ড এডুকেশন কার্যক্রমের আওতায় ‘এআই ফর ন্যাভিগেশন’ প্রোগ্রামটি গত বছর থেকে বাংলাদেশে পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিন বছরের জন্য এই সমঝোতা স্মারক সই করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর