আন্তর্জাতিক ডেস্ক
আপনার পাসপোর্টের মর্যাদা জানেন? নিশ্চয়, এটি আপনার কাছে এই মুহূর্তে প্রায় অমূল্য। কেননা একটি পাসপোর্ট কোনো নাগরিকের অন্যতম পরিচয়পত্র। দেশের বাইরে যেতে পাসপোর্টের প্রয়োজন সবার আগে।
তবে আন্তর্জাতিক অঙ্গনে সব দেশের পাসপোর্টের মর্যাদা বা শক্তি সমান নয়। বিভিন্ন দেশের পাসপোর্টের মর্যাদা নির্ধারণের আন্তর্জাতিক স্বীকৃত সূচক রয়েছে। এর মাধ্যমে জানা যায়, বিশ্বের কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী।
কোনো পাসপোর্ট ব্যবহার করে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়— এর উপর ভিত্তি করে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ তৈরি করা হয়। ২০০৬ সাল থেকে পাসপোর্টের মর্যাদার সূচক প্রকাশ করে আসছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। এ সূচকে দেখা যায়, সব দেশের পাসপোর্ট সমান শক্তিশালী নয়। যেমন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আর পাকিস্তানের পাসপোর্টের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার দিক থেকে রয়েছে বিস্তর ফারাক। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী যে কেউ বিশ্বের যতো দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন, পাকিস্তানের পাসপোর্টধারীরা ততো দেশে পারবেন না।
২০২১ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্যের ওপর ভিত্তি করে এ ইনডেক্স তৈরি করে সংস্থাটি।
অন্যান্যবারের মতো এ বছরও জাপানের পাসপোর্ট এ তালিকার শীর্ষে। জাপানের পাসপোর্টধারী ব্যক্তি প্রায় গোটা বিশ্বেই ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
নিচে ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্টগুলোর তালিকা দেওয়া হলো। ব্রাকেটে ওই পাসপোর্ট ব্যবহার করে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে, সেই সংখ্যা উল্লেখ করা হয়েছে।
বিশ্বের ১৮০টিরও বেশি দেশে বিনা ভিসায় ভ্রমণে সক্ষম পাসপোর্টের তালিকা যেমন লম্বা, তেমনি বিশ্বের মাত্র ৪০টি দেশেরও কম দেশে ভ্রমণ সম্ভব এমন পাসপোর্টের তালিকাও ছোট নয়। নিচে সূচকের শেষ দিকে থাকা পাসপোর্টগুলোর তালিকা দেওয়া হলো।
এ সূচকে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ১০৬তম। বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে ৪১টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা সম্ভব বলে জানানো হয়েছে ওই সূচকে। ভারতের অবস্থান এ তালিকায় ৯০তম। সেদেশের পাসপোর্ট ব্যবহার করে ৫৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যাবে। তালিকায় চীনের অবস্থান ৭২তম। চীনা পাসপোর্ট ব্যবহার করে ৭৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যাবে। সূচকে রাশিয়ার পাসপোর্টের অবস্থান ৫১তম। ওই দেশের পাসপোর্ট ব্যবহার করে ১১৯টি দেশে বিনা ভিসায় প্রবেশ করা যাবে।
এবারের সূচকে মর্যাদার দিক থেকে আর্জেন্টিনা ও ব্রাজিলের পাসপোর্ট একই অবস্থানে—১৯তম। এ দুই দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৭০টি দেশে বিনা ভিসায় প্রবেশ করতে পারবেন।
সৌদি আরবের পাসপোর্টের অবস্থান ৭১তম, এ পাসপোর্টধারীরা ৭৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারবেন। এছাড়া ইসরাইলের পাসপোর্টের অবস্থান ২৩তম। ওই পাসপোর্টধারীরা বিশ্বের ১৫৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারবেন।
সারাবাংলা/আইই