আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের ভ্যাকসিন নারী বা পুরুষের প্রজনন ক্ষমতা কমায় না। ভ্যাকসিন বন্ধ্যত্বের কারণ হতে পারে— এমন কোনো তথ্যের বৈজ্ঞানিক প্রমাণ নেই। সোমবার (২১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব বিষয় স্পষ্ট করা হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, গত কিছু দিন ধরে ভারতের কিছু সংবাদমাধ্যম ভ্যাকসিন নিলে নারী-পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় বলে মানুষের উদ্বেগের চিত্র তুলে ধরেছে। এসব প্রতিবেদনে নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মী এবং সম্মুখ সারির কর্মীদের একটি বিভাগে বিভিন্ন ‘কুসংস্কার ও পৌরাণিক কাহিনী’ বিশ্বাসের চিত্র উঠে এসেছে।
বিবৃতিতে বলা হয়, আসলে কোনো ভ্যাকসিনেই বন্ধ্যত্বের জন্য দায়ী কোনো উপাদান থাকে না। সকল ভ্যাকসিন প্রথমে প্রাণীদের উপর এবং পরে মানুষের উপর পরীক্ষা করা হয়। এতে দেখা হয়, ভ্যাকসিনগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না। করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন বন্ধ্যত্ব ঘটাতে পারে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
এর আগেও ভারতে হাম, পোলিও ইত্যাদির ভ্যাকসিন নিয়ে এমন গুজব ছড়ানো হয়েছিল বলেও সতর্ক করা হয় ভারত সরকারের ওই বিবৃতিতে। ভারতের ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯ (এনইজিভিএসি) সকল স্তন্যদানকারী মহিলাদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে।
সারাবাংলা/আইই