আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাস চিকিৎসায় অশ্বগন্ধার কার্যকারিতা জানতে ক্লিনিক্যাল ট্রায়ালের আয়োজন করেছে ভারত ও যুক্তরাজ্যের দুটি প্রতিষ্ঠান। ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দ্য হিন্দুর খবর।
আয়ুষ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ মন্ত্রণালয়ের অধীনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন সম্প্রতি এক সমঝোতা স্মারক সাক্ষর করেছে। এ সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যুক্তরাজ্যের তিনটি শহরের প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবীর উপর অশ্বগন্ধার ক্লিনিক্যাল ট্রায়াল চালাবে। ওই তিনটি শহর হচ্ছে লিচেস্টার, বার্মিংহাম ও লন্ডন (সাউথহল এবং ওয়েম্বলি এলাকা)।
বিবৃতিতে আরও বলা হয়, ট্রায়ালের সফল সমাপ্তি করোনাভাইরাসের চিকিৎসায় একটি বড় অগ্রগতি হতে পারে এবং ঐতিহ্যবাহী ওষুধি চিকিৎসাকে একটি বৈজ্ঞানিক ভিত্তিও দিতে পারে।
উল্লেখ্য, ভারতের আয়ুষ মন্ত্রণালয় সেদেশে আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি, যোগব্যায়ামসহ ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে। অশ্বগন্ধা হলো একটি ভেষজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম উইথানিয়া সোমনিফেরা। আয়ুর্বেদিক চিকিৎসায় এ উদ্ভিদের ব্যাপক ব্যবহার রয়েছে।
এর আগে গত বছর ভারতের বিতর্কিত যোগব্যায়াম গুরু বাবা রামদেব করোনা চিকিৎসায় অশ্বগন্ধা শতভাগ অব্যর্থ বলে মন্তব্য করেছিলেন।
সারাবাংলা/আইই