আন্তর্জাতিক ডেস্ক
কানাডায় এক মুসলিম পরিবারের চার সদস্যকে পরিকল্পিতভাবে গাড়ি চাঁপা দিয়ে হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন হাজারো মানুষ। শুক্রবার (১১ জুন) কানাডার অন্টারিও শহরের লন্ডন নামক এলাকায় সাত কিলোমিটার রাস্তা জুড়ে বিক্ষোভ মিছিল করেন তারা।
গত রোববার (৭ জুন) ওই এলাকায় এক মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়ি চাঁপা দিয়ে হত্যা করে ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যান নামক এক ব্যক্তি। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা সে সময় বৈকালিক ভ্রমণে বেরিয়েছিলেন। গাড়িচাঁপায় একসঙ্গে থাকা পাঁচজনের মধ্যে চারজনই মারা যান। স্থানীয় পুলিশ এ ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করে। ইসলামবিরোধী ঘৃণাজনিত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার লন্ডন এলাকার একটি মসজিদের পাশে জড়ো হন হাজারো মানুষ। পরে তারা রাস্তায় ৭ কিলোমিটার পর্যন্ত হেঁটে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় অনেকেই ‘লাভ ওভার হেট’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে অংশ নেন।
এ ব্যাপারে ১৯ বছর বয়েসী ছাত্র আব্দুল্লাহ আল জারাদ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, এখানে কতজন লোক আসলেন সেটা নয়, এ প্রতিবাদের সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে সব ধর্মের সব বর্ণের মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন।
শুধু অন্টারিও নয়, কানাডার অন্যান্য প্রদেশেও এ ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। দেশটির সব দলের রাজনীতিবিদরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ হত্যাকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন।
সারাবাংলা/আইই