আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মিরে জি২০ পর্যটন সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত। আগামী ২২-২৪ মে শ্রীনগরে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে। তবে বিতর্কিত কাশ্মিরে এমন সম্মেলনের তীব্র বিরোধিতা করেছে চীন। কাশ্মিরের সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণাও দিয়েছে বেইজিং।
কাশ্মিরে জি২০ পর্যটন সম্মেলন কাশ্মিরে আয়োজন করায় ভারতের তীব্র নিন্দা করেছে পাকিস্তান। এছাড়া তুরস্ক, সৌদি আরব ও ইন্দোনেশিয়া এই সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত জানায়নি। এরমধ্যে চীন এই সম্মেলন বয়কটের ঘোষণা দিলো।
শুক্রবার (১৯ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীন বিতর্কিত এলাকায় যে কোনো আকারের জি২০ সম্মেলন আয়োজনের দৃঢ় বিরোধিতা করে। চীন এ ধরনের বৈঠকে অংশ নেবে না।
বিভিন্ন দেশের সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, কাশ্মিরে সম্মেলনে বেশিরভাগ জি২০ দেশ তাদের উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠাবে না। এই সম্মেলনে সদস্য রাষ্ট্রের অন্তত ৬০ জন প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে।
চীন, পাকিস্তানের আপত্তি সত্ত্বেও কাশ্মিরে পর্যটন সম্মেলন আয়োজনে অনড় ভারত। সেদেশের সরকারের যুক্তি, এবার ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে জি২০-র বৈঠক আয়োজন হচ্ছে। কাশ্মির ভারতেরই অংশ। তাই সেখানে পর্যটন সম্মেলন আয়োজন থেকে পিছু হঠার কোনো কারণ নেই।
তবে ভারতে অনুষ্ঠেয় জি২০ বৈঠক আগেও বয়কট করেছে চীন। এর আগে অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত জি২০ বৈঠকে চীন যোগ দেয়নি।
সারাবাংলা/আইই